কলকাতা

বিধানসভায় পাস ‘গুন্ডাদমন বিল’! তৃণমূল জমানার লুটপাট রুখতে এবার বাংলায় আসছে কড়া আইন

সোমবার বিধানসভায় বিলটি পেশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা

Truth of Bengal: তৃণমূল জমানায় রাজ্যজুড়ে দুর্নীতি, লুটপাট ও বেআইনি সম্পত্তি বৃদ্ধির অভিযোগ বারবার সামনে এসেছে। জনপ্রতিনিধি থেকে শুরু করে শাসকদলের ছোট-বড় বহু নেতা এবং তাঁদের পরিবারের সদস্যদের বিপুল সম্পত্তি নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। তদন্তকারী সংস্থা ও পুলিশের বিভিন্ন অভিযানে কোথাও সুবিশাল বাড়ি, কোথাও বিপুল ব্যাঙ্ক আমানত, কোথাও আবার সোনা-দানা-সহ একাধিক মূল্যবান সম্পত্তির হদিশ মিলেছে বলে অভিযোগ। সেই আবহেই সোমবার বিধানসভায় পেশ হল ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’। রাজনৈতিক মহলে যা ইতিমধ্যেই ‘গুন্ডাদমন বিল’ নামে পরিচিত।

সোমবার বিধানসভায় বিলটি পেশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। সরকারের দাবি, রাজ্যে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করা, সরকারি সম্পত্তি রক্ষা করা এবং দুষ্কৃতী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এই বিল আনা হয়েছে। বিলের সমর্থনে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, যাঁরা সরকারি সম্পত্তি নষ্ট করাকে অপরাধ বলে মনে করেন না, তাঁদের ভুল ভাঙানোর সময় এসেছে। তাঁর অভিযোগ, গত ১৫ বছর ধরে রাজ্যে লুট, সন্ত্রাস ও রাহাজানি চলেছে। সিএএ এবং ওয়াকফের নামে বাংলায় নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছিল। তৃণমূল আমলে শাহজাহানদের মতো দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

শঙ্কর ঘোষের আরও বক্তব্য, গরিব মানুষের টাকা আত্মসাৎ করে যারা বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই এই বিলের অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, “সরকারি সম্পত্তির দিকে চোখ তুলে তাকানোর সাহস আর কেউ পাবে না। আমরা এমনই ব্যবস্থা করছি।” মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তৃণমূল নেতাদের বেআইনি সম্পত্তি বৃদ্ধি এবং দুর্নীতির অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি একাধিকবার স্পষ্ট বার্তা দিয়েছেন, দুর্নীতি বা লুটপাটের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক মহলের মতে, সেই অবস্থানকেই আইনি রূপ দিতে এবার বিধানসভায় আনা হল এই বিল। সরকারি সূত্রে জানা গিয়েছে, শুধু দুষ্কৃতী দমন নয়, লুটের সম্পত্তি চিহ্নিত করা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা উদ্ধার করাও সরকারের লক্ষ্য। সোমবার বিধানসভায় এই বিল পাস করিয়ে রাজ্যে অপরাধ ও বেআইনি সম্পত্তি বৃদ্ধির বিরুদ্ধে কড়া বার্তা দিতে চাইছে শুভেন্দু সরকার।