ভ্রমণ

হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা, পাহাড়ের রানি দার্জিলিংয়ে রয়েছে স্কাইওয়াক গ্লাস সেতু

দার্জিলিং টাউন থেকে ১২ কিলোমিটার দূরে সবুজে ঢাকা বালওয়াবাসে রয়েছে এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার।

Truth of Bengal: বাঙালির চিরন্তন ভালোবাসা পাহাড়ের রানি দার্জিলিং। দার্জিলিংয়ের খুব কাছে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত উত্তরবঙ্গর অচেনা অজানা বেড়ানোর আদর্শ ঠিকানা বালওয়াবাস। এখান থেকে হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়।

দার্জিলিং টাউন থেকে ১২ কিলোমিটার দূরে সবুজে ঢাকা বালওয়াবাসে রয়েছে এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার। ছোটো রঙ্গিত নদীর ওপর বালওয়াবাসে তৈরি হয়েছে দার্জিলিংয়ের প্রথম স্কাইওয়াক গ্লাস সেতু। কাচ ও কাঠের সেতু আপাতত পর্যটকদের কাছে নয়া আকর্ষণ হয়ে উঠেছে। নির্জন প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড শান্তিতে কাটানোর সুযোগ মেলে।

এই স্কাইওয়াক গ্লাস সেতু কিন্তু আজকের নয়। সেই ব্রিটিশ আমল থেকে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের লাইফলাইন। ঘোড়ার খুরের আওয়াজে কেঁপে উঠত এই পথ। বিজনবাড়ির পুলাবাজারের সঙ্গে দার্জিলিংয়ের সিংথামের মধ্যে যোগাযোগ সংযোগকারী এই সেতুকে পর্যটকদের জন্য কাচ বসিয়ে নতুন রূপ দেওয়া হয়েছে।

ছোটো রঙ্গিত নদীর প্রায় ২০০ মিটার উঁচুতে রয়েছে স্কাইওয়াক গ্লাস সেতু। পায়ের নীচে কাচের স্বচ্ছ চাদর, নীচ দিয়ে ছলাৎছলাৎ শব্দ করে বয়ে চলেছে নদী। ভিড়ে যাতে সেতুর ক্ষতি না হয় তার জন্য কড়া নজরদারি রয়েছে। সুরক্ষার দায়িত্বে রয়েছে নির্দিষ্ট কর্মী। নিরাপত্তার খাতিরে জুতো খুলে উঠতে হয়। একসঙ্গে ১০ জনের বেশি ওঠা যায় না। এই সেতু দার্জিলিংয়ের প্রথম স্কাইওয়াক। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে বিজনবাড়ি হয়ে পৌঁছে যাওয়া যায় বালওয়াবাস।

Related Articles