ভ্রমণ

সামনে কাঞ্চনজঙ্ঘা, পাশে চা বাগান! ডুয়ার্সের কোলে মায়াবী ‘কুমাই’ গ্রাম, উইকএন্ডে ঘুরে আসবেন নাকি?

আকাশ পরিষ্কার মেঘমুক্ত থাকলে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ।

Truth of Bengal: কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন? কয়েক দিনের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? কোথায় যাবেন ঠিক করতে পারছেন না? পাহাড়ের নির্জনতার মধ্যে হারিয়ে যেতে চাইলে আপনার গন্তব্য হতে পারে কালিম্পং জেলার অফবিট পর্যটন কেন্দ্র কুমাই গ্রাম। ভিড়, কোলাহল এড়িয়ে নির্জন নিরিবিলি পরিবেশে কাটাতে চাইলে আপনার গন্তব্য হতে পারে কুমাই। চা বাগান ও মূর্তি নদী ঘেরা কুমাইয়ের মূল আকর্ষণ হল অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য। আকাশ পরিষ্কার মেঘমুক্ত থাকলে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ।

আশপাশে রয়েছে জঙ্গল, ছোট ছোট গ্রাম আর পাহাড়ি ঝর্ণা। কাছেই আছে মূর্তি নদী। কুমাইয়ের চা বাগান মূল আকর্ষণ। তার জন্য পৌঁছতে হবে আপার কুমাই। কুমাইয়ের ভিউ পয়েন্ট থেকে আপনি দেখতে পাবেন ভুটানঘাটের পাহাড়। এখানকার গ্রাম্য পরিবেশ মন মেজাজ ভালো করে দেবে। চোখে পড়বে ডুয়ার্সের জঙ্গলের মায়াবী রূপ। ট্রেকিং করে গ্রাম ঘুরে দেখা যায়। ঘুরে দেখা যায় প্রাচীন বৌদ্ধ স্তূপ, কুমাই পার্ক ও গুরেস পয়েন্ট।

কীভাবে যাবেন, কোথায় থাকবেন

কলকাতা থেকে ট্রেনে, বাসে বা বিমানে করে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা বিমানবন্দর। সেখান থেকে গাড়ি ভাড়া করে কালিম্পং হয়ে কুমাই গ্রামে যেতে সময় লাগে ৩-৪ ঘণ্টা। থাকার জন্য রয়েছে হোম স্টে। বসন্তর সময় বেড়ানোর আদর্শ সময়। সপ্তাহে একদিন হাট বসে যেখানে স্থানীয় হস্তশিল্প মিলবে।

Related Articles