ভ্যাপসা গরমের পর ঝমঝমিয়ে বৃষ্টি! বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু কলকাতায়
গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে
Truth of Bengal: সোমবার সকাল থেকেই কলকাতায় ছিল অস্বস্তিকর ভ্যাপসা গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ঢেকে যায় মেঘে। দুপুরের পর থেকেই শুরু হয় ঘনঘন বজ্রপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ২টো থেকে বিকেল ৫টার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই পূর্বাভাস মেনেই কলকাতার বিস্তীর্ণ অংশে নামে প্রবল বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া। কয়েকটি এলাকায় জল জমে যায় বলেও খবর। হাওয়া অফিস জানিয়েছে, গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি মরসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা অবস্থান করছে। সেই অক্ষরেখা বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং অসমের উপর দিয়ে গিয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।






