দেশ

রেকর্ড গড়ার পর হু হু করে কমছে সোনার দাম! লোকসানের ‘ভয়ে’ গয়না বেচে দিচ্ছেন আমজনতা?

অনেকেই ঘরে জমিয়ে রাখা সোনার গয়না বিক্রি করতে শুরু করেছেন

Truth of Bengal: রেকর্ড গড়ার পর এবার উল্টো পথে হাঁটছে সোনার দাম। বছরের শুরুতে, জানুয়ারিতে সোনার দামে যে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল, তা এখন অনেকটাই অতীত। সাম্প্রতিক বাজারদর কমতে থাকায় অনেকের মধ্যেই তৈরি হয়েছে নতুন আশঙ্কা। দাম আরও নেমে গেলে পুরনো সোনা বিক্রি করে কম টাকা পাওয়া যাবে—এই ভয়েই অনেকেই ঘরে জমিয়ে রাখা সোনার গয়না বিক্রি করতে শুরু করেছেন।

সোমবার ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৮১০ টাকা। সর্বকালীন উচ্চতার তুলনায় দাম অনেকটাই কম। বাজারের হিসেব বলছে, এপ্রিল থেকে জুনের মধ্যে পুরনো সোনা বিক্রির পরিমাণ বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। এই সময়ে প্রায় ৫০ টন পুরনো সোনা বাজারে এসেছে বলে জানা যাচ্ছে। ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম সোনা ব্যবহারকারী দেশ। তবে দেশের চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষে প্রায় ৭২.৪ বিলিয়ন ডলার মূল্যের সোনা আমদানি করেছে ভারত। অন্যদিকে ভারতীয় পরিবারগুলির কাছে আনুমানিক ৩০,০০০ টন সোনা গচ্ছিত রয়েছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, শুধু দাম কমার আশঙ্কায় জমিয়ে রাখা সোনার গয়না বিক্রি করে দেওয়া কি ঠিক সিদ্ধান্ত? বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত আর্থিক প্রয়োজন থাকলে সোনা বিক্রি করতেই পারেন কেউ। কিন্তু কেবলমাত্র বাজারের স্বল্পমেয়াদী ওঠানামা দেখে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া সব সময় লাভজনক নাও হতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে পুরনো গয়না ব্যবহার করছেন না, তাঁদের কাছে বর্তমান বাজারদর পড়ে থাকা সম্পদকে নগদে পরিণত করার সুযোগ হতে পারে। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক অনিশ্চয়তা এবং ভবিষ্যতের বাজার পরিস্থিতিও মাথায় রাখা জরুরি।

Related Articles