বিনোদন

সৌরভের জায়গায় দেব! নার্ভাস ‘নতুন সঞ্চালক’-কে ফোনে কী টিপস দিলেন স্বয়ং মহারাজ?

টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’ করতে দেখা যাবে অভিনেতা তথা সাংসদ দেবকে

Truth of Bengal: ‘দাদাগিরি’ মানেই এতদিন দর্শকের চোখে ভেসে উঠত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ। দীর্ঘদিন ধরে এই জনপ্রিয় শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। তবে এবার বদল আসছে সঞ্চালনায়। সৌরভের জায়গায় টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’ করতে দেখা যাবে অভিনেতা তথা সাংসদ দেবকে। নতুন সফর, তার উপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের দীর্ঘদিনের সঞ্চালনার ঐতিহ্য—স্বাভাবিকভাবেই দেবের সঙ্গে সৌরভের তুলনা শুরু হয়েছে। দেব নিজেও আগেই জানিয়েছিলেন, নতুন দায়িত্ব নিয়ে তাঁর মধ্যে খানিকটা ভয় ও নার্ভাসনেস কাজ করছে। তবে সেই দুশ্চিন্তা অনেকটাই কাটিয়েছেন সৌরভ নিজে। দেবের কথায়, দাদাই তাঁকে নানাভাবে টিপস দিয়েছেন এবং মনোবল বাড়িয়েছেন।

‘দাদাগিরি’র ১১তম মরশুমের প্রথম পর্বের শুটিংয়ে সেটজুড়ে ছিল উৎসবের আবহ। কালো স্যুট পরে হাসিমুখে লাল গালিচায় অতিথিদের স্বাগত জানান দেব। গত একমাস ধরেই টলিপাড়ায় গুঞ্জন ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় এই শোয়ের নতুন সঞ্চালক হতে চলেছেন দেব। সম্প্রতি সেই জল্পনায় সিলমোহর পড়ে। সোমবার, ২৯ জুন প্রথমবার ‘দাদাগিরি’র সেটে পা রেখে দেব বলেন, তিনি এই শোয়ের সঞ্চালনায় এসেছেন জেনে সৌরভ গঙ্গোপাধ্যায় খুব খুশি। দাদা নিজে তাঁকে অনেক টিপস দিয়েছেন। দেবের কথায়, “যা হয় ভালোর জন্যেই হয়।” সুপারস্টার আরও জানান, আগের সিজনগুলি তিনি দেখেছেন। নতুন মরশুম আরও ভালোভাবে করার চেষ্টা করবেন। ১৮ বছর ধরে দর্শক এই শোকে ভালোবেসেছেন, তাই এবারও সকলের ভালোবাসা ও সমর্থন চান তিনি। দর্শকের প্রত্যাশা পূরণ করাই তাঁর লক্ষ্য বলে জানান দেব।

দেবের এই নতুন ইনিংসের সূচনায় ‘দাদাগিরি’র সেটে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ফুটবলার সুনীল ছেত্রী। মশাল জ্বালিয়ে প্রথম পর্বের শুটিংয়ের শুভ সূচনা করেন দেব ও প্রসেনজিৎরা। এপ্রিল মাসের শেষের দিকে কলকাতার অলিগলি থেকে গঙ্গার ঘাট পর্যন্ত ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট করেছিলেন দেব। তবে সেই সময় বিষয়টি গোপন রাখা হয়েছিল। প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ সৌরভের দীর্ঘদিনের লিগ্যাসির কথা মনে করিয়েছেন, কেউ আবার দেবকে নতুন ভূমিকায় দেখতে উৎসাহ প্রকাশ করেছেন। এখন অপেক্ষা শুধু শো শুরু হওয়ার। সৌরভের তৈরি করা জনপ্রিয় মঞ্চে দেব কতটা নিজের ছাপ ফেলতে পারেন, আর ‘গুগলি মহারণে’ দর্শকদের কী নতুন চমক দেন—সেদিকেই নজর অনুরাগীদের।

Related Articles