চালকবিহীন গাড়ি তৈরি করলেন আইআইএসসির বিজ্ঞানীদের! কবে নামবে রাস্তায়?
WIRIN নামক চালকবিহীন গাড়ি যৌথ ভাবে তৈরি করেছেন বেঙ্গালুরুর আইআইএসসির বিজ্ঞানীদের সঙ্গে উইপ্রো ও আরভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের প্রযুক্তিবিদরা মিলে।
Truth Of Bengal: ভারতের প্রযুক্তিক্ষেত্রে সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতের প্রথম চালকবিহীন গাড়ি তৈরি হয়ে গেছে। WIRIN নামক চালকবিহীন গাড়ি যৌথ ভাবে তৈরি করেছেন বেঙ্গালুরুর আইআইএসসির বিজ্ঞানীদের সঙ্গে উইপ্রো ও আরভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের প্রযুক্তিবিদরা মিলে।
চালকবিহীন গাড়ির ২৮ সেকেন্ডের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত ২৭ অক্টোবর বেঙ্গালুরুর আরভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম বার প্রকাশ্যে আসে চালকবিহীন গাড়ির প্রোটোটাইপ। সেই অনুষ্ঠানে যোগ দেন উইপ্রোর অটোনমাস সিস্টেমস অ্যান্ড রোবোটিকসের গ্লোবাল হেড রামচন্দ্র বুধিহাল। ভিডিওতে খুব সহজে চলতে দেখা যায় চালকবিহীন গাড়িকে। ভেতরে বসে ছিলেন কর্নাটকের উত্তারাদি মঠের সন্ন্যাসী সত্যাত্মা তীর্থ শ্রীপাদাঙ্গুলু।
৬ বছর লেগেছে চালকবিহীন গাড়ির প্রোটোটাইপ তৈরি করতে। আপাতত গাড়িটি পরীক্ষামূলক পর্যায় রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির গাড়ির মূল বৈশিষ্ট্য হল স্বয়ংক্রিয় সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ও মেশিন লার্নিং প্রযুক্তি, ডেটা সায়েন্স আর সাইবার সুরক্ষা প্রযুক্তি। গাড়িতে কোনো স্টিয়ারিং হুইল নেই! গাড়িটি কোনদিকে যাবে, কখন বাঁক নেবে, সামনে কোনও বাধা আসলে কী করবে, তা স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়। গবেষক দলের মতে, ভারতীয় রাস্তায় গর্ত, চলার পথে সামনে কোনও প্রাণী এসে পড়লে, ট্রাফিকের সমস্যা হলে বা আবহাওয়া খারাপ থাকলেও চালকবিহীন এই গাড়ির চলাচলে কোনও অসুবিধা হবে না। তাঁরা গাড়ির সেন্সর ও সফটওয়্যারকে এমনভাবে তৈরি করেছেন যে তা যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে। গাড়িতে রয়েছে আধুনিক প্রযুক্তি যেমন— Artificial Intelligence (AI), Machine Learning (ML), Visual Computing, 5G-based Vehicle-to-Vehicle Communication (V2X)।






