আন্তর্জাতিক

চিন থেকে বাংলাদেশে যাচ্ছিল ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ! মাঝসমুদ্রে আটকাল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

রকেট ও মিসাইল তৈরির রাসায়নিক সোডিয়াম পারক্লোরেট বোঝাই জাহাজ আটক! ২০০৪ সালের চট্টগ্রাম অস্ত্রকাণ্ডের ছায়া? সতর্ক নয়াদিল্লি

Truth of Bengal: চিনের লিয়াংগুয়াং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির রাসায়নিক বোঝাই একটি রহস্যময় জাহাজ আটক করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী। মাঝসমুদ্রে জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। আর তাতেই আঁতকে ওঠেন তদন্তকারীরা। জাহাজটি থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট উদ্ধার হয়েছে, যা মূলত রকেট ও মিসাইল তৈরির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি ওই জাহাজ থেকে বিপুল পরিমাণ ৪জি মোবাইল সিম কার্ডও উদ্ধার করা হয়েছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, দেশের উপকূলীয় জলসীমায় ‘এমভি স্টার লাইন’ নামের ওই জাহাজটিকে আটক করা হয়েছে, যা চিন থেকে আসছিল। সেনাকর্তার দাবি অনুযায়ী, জাহাজটিতে মোট ৩৬টি কন্টেনার ছিল, যার মধ্যে ১৫টি কন্টেনারেই সোডিয়াম পারক্লোরেট মজুত করা ছিল। এছাড়াও লক্ষাধিক ৪জি সিম কার্ড পাওয়া গিয়েছে। তবে বাংলাদেশে ঠিক কী উদ্দেশ্যে বিপুল পরিমাণ এই সংবেদনশীল সরঞ্জাম পাঠানো হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। এর পেছনে কোনও বড়সড় নাশকতার ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এই ঘটনা সামনে আসতেই ২০০৪ সালের চট্টগ্রাম অস্ত্রকাণ্ডের স্মৃতি নতুন করে উসকে দিয়েছে। সে সময় বাংলাদেশের মসনদে বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া থাকাকালীন চট্টগ্রাম বন্দর থেকে চিনা অস্ত্র বোঝাই ১০টি ট্রাক বাজেয়াপ্ত হয়েছিল। পরবর্তী তদন্তে উঠে আসে, চিন থেকে বাংলাদেশ হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠনগুলির কাছে সেই অস্ত্র পাচারের ছক ছিল।

বর্তমানে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর চিন ও পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা বেড়েছে বলে পর্যবেক্ষকদের মত, পাশাপাশি সে দেশে ভারত-বিরোধী আবহেরও চর্চা চলছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশগামী বিপুল বিস্ফোরক বোঝাই জাহাজ আটকের ঘটনায় সতর্ক হয়েছে নয়াদিল্লি। রিপোর্ট অনুযায়ী, গোটা বিষয়টি খতিয়ে দেখতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইন্দোনেশিয়ার কাছে বিস্তারিত তথ্য চেয়েছে ভারত।

Related Articles