কলকাতা

৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন, ১১ দিনে পেশ হতে পারে ৮টি বিল! রাজ্যের নাম বদলের প্রস্তাবও

শুধু তাই নয়, ইংরেজিতে রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’-এর পরিবর্তে ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাবও বিধানসভায় আনা হচ্ছে

জ্যোতির্ময় দত্ত, নবান্ন: বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৎপরতা তুঙ্গে। আগামী ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। এই অধিবেশনেই একাধিক গুরুত্বপূর্ণ আইন সংশোধনের পাশাপাশি নতুন নীতি কার্যকর করার লক্ষ্যে আটটি বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। শুধু তাই নয়, ইংরেজিতে রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’-এর পরিবর্তে ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাবও বিধানসভায় আনা হচ্ছে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এমনই একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবটি এবারের অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হবে। তাঁর বক্তব্য, বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই রাজ্যের নাম হওয়া উচিত ‘পশ্চিমবঙ্গ’। বিধানসভায় প্রস্তাবটি অনুমোদিত হলে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। ফলে দীর্ঘদিনের নাম পরিবর্তনের দাবি এবার নতুন করে প্রশাসনিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় প্রবেশ করতে চলেছে।

অন্যদিকে, আটটি বিলের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অর্থনৈতিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পঞ্চায়েত, ভূমি সংস্কার, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, শ্রম, অর্থ, সংসদ বিষয়ক এবং গ্রন্থাগার দফতরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন আইনে সংশোধনের প্রস্তাব আনা হচ্ছে। ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করা এবং প্রশাসনিক জটিলতা কমানোর দিকেও বিশেষ নজর দিতে চাইছে সরকার। শ্রম আইন সংশোধনের প্রস্তাবটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, ব্যবসায়ীদের ইচ্ছা অনুযায়ী দোকানপাট সারা রাত খোলা রাখার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির কাজের সময় বাড়ানোর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট আইন এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন সংক্রান্ত বিধিতেও সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ করতে ‘ইজ অব ডুইং বিজনেস’ সংক্রান্ত বিল আনা হবে। পাশাপাশি জন বিশ্বাস সংশোধনী বিলের মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক ও আইনি বিধানের পরিবর্তনের প্রস্তাব রয়েছে। পঞ্চায়েত আইন এবং ভূমি সংস্কার আইনেও সংশোধনী আনার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

এবারের অধিবেশনে প্রাক্তন বিধায়কদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পেতে চলেছে। সংসদ বিষয়ক দফতরের প্রস্তাবিত বিলে প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়টি রাখা হয়েছে। একই সঙ্গে সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্রের জন্য আর্থিক বরাদ্দের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ ছাড়াও ওয়েস্ট বেঙ্গল সেলস ট্যাক্স সেটেলমেন্ট ডিসপিউট সংক্রান্ত সংশোধনী-সহ একাধিক প্রশাসনিক বিল বিধানসভায় পেশ করার প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর বিলগুলি রাজ্যপালের সম্মতির জন্য পাঠানো হবে। নির্ধারিত সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলি শীতকালীন অধিবেশনে উত্থাপন করা হবে। সব মিলিয়ে এবারের শীতকালীন অধিবেশন শুধু আইন সংশোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। রাজ্যের নাম পরিবর্তন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যের সময়সীমা, শিল্পের পরিবেশ এবং প্রশাসনিক সংস্কার—একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সরগরম হতে চলেছে বিধানসভা। এখন নজর, প্রস্তাবিত আটটি বিলের মধ্যে কোনগুলি শেষ পর্যন্ত বিধানসভার অনুমোদন পায়।

Related Articles