বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে ভুগছে স্কুল পড়ুয়ারা, খুঁজে দিল এআই
৫৫টি জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাম নথিবদ্ধ স্কুল পড়ুয়াদের চিহ্নিত করে সেই এআই প্রোগ্রাম।
Truth of Bengal: বিজেপি শাসিত রাজ্য মধ্য প্রদেশ। সেই রাজ্যের ৫৫টি জেলায় বহু স্কুল পড়ুয়া অপুষ্টিতে ভুগছে। অপুষ্টিতে ভোগা স্কুল পড়ুয়াদের চিহ্নিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই। মধ্য প্রদেশ ইলেকট্রনিকস ডেভেলপমেন্ট কর্পোরেশন (এমপিইডিসি) এআই প্রযুক্তি নির্ভর প্রোগ্রাম তৈরি করে। ৫৫টি জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাম নথিবদ্ধ স্কুল পড়ুয়াদের চিহ্নিত করে সেই এআই প্রোগ্রাম।
প্রতিটি স্কুল পড়ুয়ার মাসে দৈহিক ওজন, উচ্চতা, বয়স ও লিঙ্গর ভিত্তিতে বিশ্লেষণ করে এআই প্রযুক্তি। কোনো পড়ুয়া অপুষ্টিতে ভুগছে কিনা তা খতিয়ে দেখা হয়। এখনো পর্যন্ত মধ্য প্রদেশে অপুষ্টিতে ভোগা ৫ লাখ স্কুল পড়ুয়ার খোঁজ পেয়েছে এআই প্রোগ্রাম। সেই তথ্য রাজ্যর নারী ও শিশু কল্যাণ দফতরকে জানানো হয়েছে। তৃণমূল স্তরে সরকারি সামাজিক প্রকল্প কার্যকর হচ্ছে কিনা তা জানতে এবার মধ্য প্রদেশ সরকার এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে।






