যুবসাথী’ বদলে আসছে ‘ভরসা’ প্রকল্প! জানুয়ারি থেকে কত ভাতা পাবেন বেকার যুবক-যুবতীরা?
‘যুবসাথী’ বদলে এবার আসছে ‘ভরসা’ প্রকল্প! জানুয়ারি থেকেই বেকার যুবক-যুবতীদের অ্যাকাউন্টে ঢুকবে ভাতা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!
Truth of Bengal: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন বেকার ভাতা প্রকল্প ‘ভরসা’-র চূড়ান্ত রূপরেখা ও চালুর দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এরপর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী জানুয়ারি মাস থেকেই রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের হাতে এই ভাতা তুলে দেওয়া হবে। স্নাতক এবং সরকারি কলেজে ভোকেশনাল বা কারিগরি শিক্ষার ট্রেনিংপ্রাপ্তরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন এবং যাঁরা স্নাতক নন, তাঁরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাবেন। আপাতত ১৫ মাস এই হারে অর্থ মিলবে এবং পরবর্তীতে ভাতার পরিমাণ বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু করেছিলেন, যেখানে মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হত। মাত্র দু’মাস সেই সুবিধা পাওয়ার পর রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটলে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর শুভেন্দু অধিকারী জানান, পূর্বতন সেই ‘যুবসাথী’ প্রকল্পের নাম বদলে ‘ভরসা’ করা হচ্ছে এবং কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই এটি চালু হবে।
কেন আপাতত ঘোষিত সর্বোচ্চ অঙ্কের চেয়ে কিছুটা কম ভাতা দেওয়া হচ্ছে, তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, “ভোটের আগে আগের সরকার ‘যুবসাথী’ চালু করেছিল। আমরা সেই প্রকল্পের নাম বদলে ‘ভরসা’ করলাম। আমরা আগে জানিয়েছিলাম, স্নাতকরা মাসে ৩,০০০ টাকা ও স্নাতক নন যাঁরা, তাঁরা ২,০০০ টাকা পাবেন। কিন্তু আমাদের সরকার এসেছে মোটে ৬ মাস হয়েছে। এরই মাঝে দীর্ঘদিনের বকেয়া ডিএ-র অনেকটা অংশ মেটাতে গিয়ে বড় অঙ্কের খরচ হয়েছে।” সেই কারণেই জানুয়ারি মাস থেকে একবছর স্নাতক ও ট্রেনিংপ্রাপ্তদের ২,০০০ টাকা এবং অ-স্নাতকদের ১,৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি। তবে ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে আগের ঘোষণা অনুযায়ী বাড়তি ভাতা দেওয়া হবে এবং এই ১৫ মাস সবাইকে একটু মানিয়ে নেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
‘ভরসা’ প্রকল্পের নিয়মাবলি প্রসঙ্গে স্পষ্ট করা হয়েছে যে, একটি পরিবারে সর্বোচ্চ দু’জন এই ভাতা পাওয়ার যোগ্য হবেন। পাশাপাশি যাঁরা ‘অন্নপূর্ণা’ বা অন্য কোনো সরকারি ভাতা ইতিমধ্যেই পাচ্ছেন, তাঁরা কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে।






