রাজ্যের খবর

অনাথ ও বিশেষ চাহিদাসম্পন্ন আবাসিকদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, খাবারের বরাদ্দ একলাফে ১১০ টাকা

আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম! সমাজকল্যাণ দফতরের হোম ও আবাসিক প্রতিষ্ঠানগুলির জন্য নবান্ন থেকে মানবিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

জ্যোতির্ময় দত্ত, কলকাতা: অনাথ শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন আবাসিকদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সমাজকল্যাণ দফতরের অধীন অনাথ আশ্রম, প্রতিবন্ধী আবাসন এবং অন্যান্য আবাসিক প্রতিষ্ঠানে খাবারের জন্য মাথাপিছু দৈনিক বরাদ্দ প্রায় দ্বিগুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন যেখানে একজন আবাসিকের খাবারের জন্য দৈনিক বরাদ্দ ছিল ৫৬ টাকা, এবার তা বাড়িয়ে ১১০ টাকা করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন বরাদ্দ কার্যকর হবে।

সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সমাজকল্যাণ দফতরের অধীন বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে খাবারের খরচের বরাদ্দ বাড়ানোর দাবি উঠছিল। বর্তমান বাজারদর এবং খাদ্যসামগ্রীর ক্রমবর্ধমান মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরনো বরাদ্দ পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মুখ্যমন্ত্রী জানান, হাসপাতাল ও সংশোধনাগারের মতো সমাজকল্যাণ দফতরের আবাসিক প্রতিষ্ঠানগুলিতেও দীর্ঘদিন ধরে একই হারে খাবারের খরচ বরাদ্দ করা হচ্ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওই অর্থে আবাসিকদের উপযুক্ত খাবারের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ছিল। সেই বিষয়টি বিবেচনা করেই বরাদ্দ বাড়িয়ে ১১০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, এই অর্থ প্রতিদিন মাথাপিছু হিসাবে দেওয়া হবে। অর্থাৎ কোনও আবাসিক প্রতিষ্ঠানে যতজন থাকবেন, তাঁদের প্রত্যেকের জন্য দৈনিক ১১০ টাকা করে খাবারের বরাদ্দ ধার্য হবে। ১ ডিসেম্বর থেকে রাজ্যের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে এই নতুন ব্যবস্থা চালু হবে।

সরকারের এই সিদ্ধান্তে অনাথ আশ্রম ও প্রতিবন্ধী আবাসিক প্রতিষ্ঠানগুলির পরিচালনায় কিছুটা স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে আবাসিকদের খাবারের গুণমান ও পুষ্টির দিকেও বাড়তি নজর দেওয়ার সুযোগ তৈরি হবে।

দীর্ঘদিনের পুরনো বরাদ্দ সংশোধন করে নতুন হার কার্যকর করার এই সিদ্ধান্তকে সমাজকল্যাণমূলক পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে প্রশাসনিক মহল। তবে নতুন বরাদ্দের ফলে বাস্তবে আবাসিকদের খাবারের মান কতটা উন্নত হয়, এখন সেদিকেই নজর থাকবে।

Related Articles