এআই হবে ‘খোলা আকাশ’, কিন্তু লাগাম থাকবে মানুষের হাতে! দিল্লিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর
এআই দ্বারা নির্মিত যে কোনো বিষয়বস্তুর সত্যতা যাচাই বা 'ফ্যাক্ট চেক'-এর ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন
Truth of Bengal: নয়াদিল্লিতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্মেলনে ভারতের ভবিষ্যৎ রূপরেখা এবং দৃষ্টিভঙ্গি স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এই সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মানবিক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর মতে, এআই প্রযুক্তির উন্নয়নের জন্য একে ‘খোলা আকাশ’ বা অবাধ সুযোগ দেওয়া প্রয়োজন, তবে এর নিয়ন্ত্রণ ক্ষমতা সবসময় মানুষের হাতেই থাকা উচিত।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় স্পষ্ট জানান যে, প্রযুক্তির মূল লক্ষ্য হতে হবে সকলের কল্যাণ এবং আনন্দ। মানুষ যাতে কেবল এআই-এর তথ্যভাণ্ডারে পরিণত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। এই প্রসঙ্গে তিনি ‘মানব’ (MANAV) নামক একটি প্রকল্পের কথা উল্লেখ করেন এবং ইংরেজি বানানের প্রতিটি অক্ষরের মাধ্যমে এর নৈতিক ও মানবিক ব্যবহারের ব্যাখ্যা দেন। তিনি জোর দিয়ে বলেন যে, একবিংশ শতাব্দীতে মানবতার উন্নয়নে ভারতের এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রযুক্তির ইতিবাচক দিকের পাশাপাশি এর অপব্যবহার নিয়ে দেশি-বিদেশি প্রতিনিধিদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ডিপফেক প্রযুক্তি এবং বিকৃত তথ্য বা বিষয়বস্তু নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। মোদীর মতে, এই ধরনের প্রযুক্তি সমাজে অস্থিরতা তৈরি করতে পারে। তাই এআই দ্বারা নির্মিত যে কোনো বিষয়বস্তুর সত্যতা যাচাই বা ‘ফ্যাক্ট চেক’-এর ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তাদের উপস্থিতিতে মোদী জানান, ভারত এআই-কে ভয় পায় না, বরং এর মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ এবং অপার সম্ভাবনা খুঁজে পায়। ভারতের বিশাল যুবশক্তি এবং প্রতিভাকে কাজে লাগিয়ে এই ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার বার্তাও দেন তিনি। অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।






