চিনকে এড়িয়ে প্রথমবার দিল্লিতে বালেন্দ্র শাহ! নেপালের জন্য ১৫ হাজার কোটির প্যাকেজ ঘোষণা মোদির
“ভারত-নেপাল সম্পর্ক হিমালয়ের মতো অটল,” হায়দরাবাদ হাউসে বৈঠক শেষে বড় বার্তা নেপালের প্রধানমন্ত্রীর
Truth of Bengal: প্রথমবার দ্বিপাক্ষিক ভারত সফরে এসেই কূটনৈতিক মহলে বড়সড় বার্তা দিলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দু’দিনের এই সফরে সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয় এবং স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর হায়দরাবাদ হাউসে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দিল্লির মাটিতে দাঁড়িয়ে বলেন্দ্র শাহ স্পষ্ট ভাষায় বলেন, “ভারত-নেপাল সম্পর্ক হিমালয়ের মতো অটল এবং মহাসাগরের মতোই বিশাল।” কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ‘চিনপন্থী’ হিসেবে পরিচিত হলেও বেজিংয়ের প্রতি মোহভঙ্গ হওয়ায় প্রথম বিদেশ সফরে চিনকে এড়িয়ে দিল্লির সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী।
এদিনের বৈঠকের পর গত অগস্টের ভয়াবহ হড়পা বানে বিধ্বস্ত নেপালের পুনর্গঠন ও উন্নয়নের জন্য ২৪,০০০ কোটি নেপালি রুপি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার কোটি টাকা মূল্যের একটি বিশাল সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি দুই প্রধানমন্ত্রী যৌথভাবে সরযূ-কমলা এক্সপ্রেস (যা অযোধ্যা-জনকপুর এক্সপ্রেস নামেও পরিচিত) ট্রেন পরিষেবার সূচনা করেন এবং মহাকালী নদীর ওপর উত্তরাখণ্ডের অসিগাদা থেকে নেপালের ধরচুলার সংযোগকারী ১১০ মিটার দীর্ঘ একটি সেতুরও উদ্বোধন করেন। এছাড়া নেপালে আইআইটি (IIT) ক্যাম্পাস, স্টার্টআপ পরিকাঠামো এবং ইনোভেশন হাব গড়ে তোলার কথাও জানিয়েছেন মোদি।
অন্যদিকে, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ দুই দেশের মধ্যে বৃহত্তর শিক্ষা সহযোগিতা ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার ওপর জোর দেন। নেপালে প্রতিষ্ঠিত আইআইটিগুলিতে ভারতীয় শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের শেষে নেপালে ‘জেন জি’ (Gen Z) আন্দোলনের জেরে কে পি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের কুর্সিতে বসেন বালেন্দ্র। তাৎপর্যপূর্ণভাবে এদিন মোদির বক্তব্যেও সেই তরুণ প্রজন্মের প্রসঙ্গ উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, “চলতি বছর নেপালের জনগণ আপনার প্রতি যে সমর্থন জানিয়েছে, তা দেশটির তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করে।” সব মিলিয়ে, বন্যার ক্ষত সারিয়ে ‘নতুন’ নেপাল গড়তে দিল্লির হাত ধরায় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দেখছে ওয়াকিবহাল মহল।






