বিদায়ের পরিকল্পনা স্থগিত, আবার বাংলাদেশের হয়ে খেলতে চলেছেন শাকিব
তার পর প্রায় এক বছরেরও বেশি সময় তিনি জাতীয় দলের জার্সিতে খেলেননি।
Truth Of Bengal: বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার শাকিব আল হাসান টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কখনওই তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। দেশের মাটিতে তিন ফরম্যাটে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) একটি করে সম্পূর্ণ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোই তাঁর লক্ষ্য।গত বছরের সেপ্টেম্বর মাসে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন শাকিব। তার পর প্রায় এক বছরেরও বেশি সময় তিনি জাতীয় দলের জার্সিতে খেলেননি। ২০২৪ সালের মে মাসের পর বাংলাদেশেও ফেরেননি তিনি। তবে বিশ্বের বিভিন্ন টি–টোয়েন্টি লিগ এবং কাউন্টি ক্রিকেটে নিয়মিত খেলে চলেছেন।
সম্প্রতি ‘বিয়ন্ড দ্য বিয়ার্ড’ পডকাস্টে ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলি-র সঙ্গে সাক্ষাৎকারে নিজের ভাবনার কথা প্রকাশ্যে এনেছেন শাকিব। সেখানে তিনি বলেন,বাংলাদেশে ফেরার ব্যাপারে আমি আশাবাদী। সেই কারণেই নিজেকে ফিট রাখছি। যাতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত থাকতে পারি।শাকিব আরও বলেন,আমি আনুষ্ঠানিকভাবে কোনও ফরম্যাট থেকেই অবসর নিইনি। এই প্রথম বিষয়টা প্রকাশ্যে বললাম। আমার ইচ্ছা, দেশে ফিরে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির একটি করে সম্পূর্ণ সিরিজ খেলা। তার পর একসঙ্গে অবসর নেওয়া।
উল্লেখ্য, বিতর্কও তাঁর পিছু ছাড়েনি। কাউন্টি ক্রিকেটে খেলার সময় অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে তিনি সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। রাজনীতিতেও তাঁর নাম জড়িয়েছে একাধিক বিতর্কে।তবে পারফরম্যান্স নয়, সমর্থকদের সামনে বিদায় জানানোই তাঁর কাছে আসল। ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার বলেন,ভাল খেললাম কি না, সেটাই মুখ্য নয়। আমি শুধু দেশের সমর্থকদের সামনে দাঁড়িয়ে বিদায় জানাতে চাই। আমার কথা রাখতে চাই, পরে যেন সিদ্ধান্ত বদলাতে না হয়।এখন দেখার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড শাকিবকে আর একবার তিন ফরম্যাটে দেশের হয়ে মাঠে নামার সুযোগ দেয় কি না।





