স্বামীকে এনকাউন্টার করা হতে পারে! আশঙ্কায় মানবাধিকার কমিশনের দ্বারস্থ সুমিতের স্ত্রী
শুক্রবার এই অভিযোগ জমা পড়ার পরই নড়েচড়ে বসে কমিশন।
Truth of Bengal: পুলিশি হেফাজতে স্বামী সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী সুস্মিতা ঘোষ। যে কোনও সময় সুমিতকে এনকাউন্টার করা হতে পারে বলে আশঙ্কা তাঁর। শুক্রবার এই অভিযোগ জমা পড়ার পরই নড়েচড়ে বসে কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার-সহ একাধিক থানার আধিকারিককে নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে সুস্মিতার দাবি, নতুন কোনও মামলায় সুমিতকে ফের পুলিশ হেফাজতে নিয়ে এনকাউন্টারের নামে খুন করা হতে পারে। তাঁর আরও অভিযোগ, হেফাজতে সুমিতকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত সুমিতের ঘুমের জন্য বিশেষ যন্ত্র প্রয়োজন হলেও সেই সুবিধা দেওয়া হচ্ছে না। এমনকী, রাতের বেলাতেও তদন্তের নামে তাঁকে বিভিন্ন অপরাধস্থলে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ।
পরিবারের আশঙ্কাকে গুরুত্ব দিয়ে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস পাঠিয়েছে মানবাধিকার কমিশন। পুলিশ সুপারকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সুমিতের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ আইন মেনে করতে হবে। তাঁর মানবাধিকার ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোনওভাবেই যেন তাঁর উপর অমানবিক আচরণ না হয়। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টেয় এই মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, জমি কেলেঙ্কারি মামলায় আগেই পুলিশি হেফাজতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এবার এক মৎস্য ব্যবসায়ীকে হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তাঁর বিরুদ্ধে ভয় দেখানো, তোলাবাজি, চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের হয়েছে।




