রাজ্যের খবর

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, সিটংয়ে মৃত্যু তিন জনের

এক জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও রাতের অন্ধকারে এবং নির্জন পাহাড়ি এলাকায় দুর্ঘটনার খবর সঙ্গে সঙ্গে কারও নজরে আসেনি।

Truth Of Bengal: পাহাড়ি রাস্তায় ফের ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। সিটংয়ে গভীর খাদে গাড়ি পড়ে প্রাণ গেল তিন জনের, গুরুতর আহত আরও এক জন। মৃতদের পরিচয় পাওয়া গিয়েছে—বিগেন ভুজেল, রূপেন খাওয়াশ এবং রমেশ গুরুং। নিহত বিগেন ভুজেল সিটংয়েরই বাসিন্দা এবং স্থানীয় পঞ্চায়েতের সদস্য ছিলেন। তিনি বিজিপিএম দলের সক্রিয় কর্মী বলেও জানা গেছে।

সূত্রের খবর, রবিবার রাতে চারজন একসঙ্গে একটি গাড়িতে করে কার্শিয়াং থেকে সিটং ফিরছিলেন। পাহাড়ি পথে পৌঁছতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা নিচের খাদে গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। এক জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও রাতের অন্ধকারে এবং নির্জন পাহাড়ি এলাকায় দুর্ঘটনার খবর সঙ্গে সঙ্গে কারও নজরে আসেনি।

সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন পুলিশে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে এবং গুরুতর আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা এখনও পরিষ্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।