পাকিস্তানের বিরুদ্ধেই কি দেশের জার্সিতে শেষবার নামছেন সাকিব আল হাসান?
সাকিব জানিয়েছিলেন, দেশের মাটিতে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।
Truth of Bengal: দীর্ঘ রাজনৈতিক বিতর্ক ও অনিশ্চয়তার পর অবশেষে সাকিব আল হাসানকে ফেরানোর পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের মার্চে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁকে দলে ফেরানোর পরিকল্পনা করছে বোর্ড। সেই সিরিজই হতে পারে দেশের জার্সিতে সাকিবের শেষ উপস্থিতি।আগেই সাকিব জানিয়েছিলেন, দেশের মাটিতে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।
কিন্তু রাজনৈতিক মতভেদের জেরে তাঁর আর জাতীয় দলে ফেরা হয়নি। এমনকি ২০২৫ সালের ৫ অগস্টের পর থেকে বাংলাদেশেও ফিরতে পারেননি এই তারকা অলরাউন্ডার। আওয়ামি লিগের সাংসদ হওয়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। দেশে ফিরলে গ্রেফতারের আশঙ্কা থাকায় বিদেশেই থাকতে বাধ্য হন সাকিব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও নিরাপত্তার স্পষ্ট আশ্বাস পাননি বলে দাবি করেছিলেন তিনি।
এই পরিস্থিতিতেই অবস্থান বদলাচ্ছে বিসিবি। বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সাকিবের ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকরা তাঁকে দলে বিবেচনা করতে পারবেন। বিসিবি-র পরিচালক আসিফ আকবর জানান, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। সেই প্রক্রিয়ার পরই সাকিবকে ফেরানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পাকিস্তানের বাংলাদেশ সফর দুই ভাগে হওয়ার কথা। মার্চে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় হবে। এরপর পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর জন্য বিরতি থাকবে। পিএসএল শেষে মে মাসে আবার বাংলাদেশে ফিরবে পাকিস্তান দল। মার্চের সিরিজেই সাকিবকে দেখা গেলে সেটাই হতে পারে তাঁর বহুল প্রতীক্ষিত বিদায়ী মঞ্চ।






