নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধের নথি! পাকিস্তানি গুপ্তচরের ফাঁদে ভারতীয় বায়ুসেনার কর্তা
এই ঘটনায় গত পাঁচ মাস ধরে হেফাজতে রয়েছেন অভিযুক্ত বায়ুসেনা আধিকারিক।
Truth of Bengal: নগ্ন ছবি পাঠিয়ে এক ভারতীয় বায়ুসেনা কর্তাকে প্রলোভিত করার অভিযোগ উঠল পাকিস্তানি গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে। আর সেই প্রলোভনে পা দিয়ে দেশের সামরিক বাহিনীর অত্যন্ত গোপন তথ্য শত্রুপক্ষের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের বিরুদ্ধে। দিল্লি পুলিশের অভিযোগ, নগ্ন ছবির বিনিময়ে ওই আধিকারিক পাকিস্তানি গুপ্তচরকে বায়ুসেনার যুদ্ধের গোপন পরিকল্পনা, যুদ্ধবিমান মোতায়েনের তথ্য, ড্রোন বাহিনীর সক্ষমতা এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির অবস্থান জানিয়ে দেন।
এই ঘটনায় গত পাঁচ মাস ধরে হেফাজতে রয়েছেন অভিযুক্ত বায়ুসেনা আধিকারিক। সরকারি গোপনীয়তা আইন অনুযায়ী দায়ের হওয়া মামলায় দিল্লি পুলিশ সম্প্রতি যে অভিযোগপত্র জমা দিয়েছে, তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশের দাবি, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্তের। ১ এপ্রিল নিজের দফতরে স্মার্টফোন নিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়।
পুলিশের অভিযোগ, পাকিস্তানি ওই ব্যক্তি অভিযুক্তকে একটি নগ্ন ছবি পাঠান। তার জবাবে বায়ুসেনা কর্তা যুদ্ধের গোপন পরিকল্পনার একটি পৃষ্ঠা পাঠিয়ে দেন। এমনকী, প্রতি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধের পরিকল্পনা সংক্রান্ত নথির একটি করে পৃষ্ঠা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।
কী কী তথ্য ফাঁস হয়েছে, তা নিয়েও বিস্ফোরক দাবি করেছে পুলিশ। অভিযোগ, বায়ুসেনার একটি গোপন ড্রোন ইউনিটের সদস্যসংখ্যা, সাংগঠনিক কাঠামো, কাজের পদ্ধতি, পরীক্ষামূলক উড়ান, উড়ানের স্থায়িত্ব এবং অস্ত্র নিশানা করার প্রযুক্তি সম্পর্কে তথ্য পাচার করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হতে পারে, সেই তথ্যও শত্রুপক্ষের হাতে পৌঁছেছে বলে অভিযোগ।
এ ছাড়াও লেহতে যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা এবং রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে আয়োজিত সামরিক মহড়ার বিবরণ ফাঁস করার অভিযোগ উঠেছে। গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির অবস্থান এবং যুদ্ধের সময় সেনা মোতায়েনের তথ্যও দেওয়া হয়েছিল বলে দাবি পুলিশের।
তদন্তে আরও জানা গিয়েছে, অভিযুক্ত আধিকারিকের অধীনে কর্মরত পাঁচ জন অফিসারের মোবাইল ও অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রে ক্ষতিকর সফ্টওয়্যার এবং নজরদারির ব্যবস্থা বসানোর চেষ্টা হয়েছিল। পাকিস্তানি যোগাযোগকারী একাধিক সন্দেহজনক সংযোগ ও সফ্টওয়্যার পাঠিয়েছিলেন বলে অভিযোগ। এর মাধ্যমে অধস্তন আধিকারিকদের গোপন তথ্য ও ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে তাঁদের কথোপকথন হাতানোর পরিকল্পনা ছিল বলে মনে করছে পুলিশ।
অভিযুক্ত ও পাকিস্তানি ব্যক্তির মধ্যে হোয়াটসঅ্যাপে ৩,০০৮টি বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি প্রতিক্রিয়া, ৪২টি অডিয়ো কল, চারটি ভিডিয়ো কল এবং ছয়টি সংযোগ আদানপ্রদানের ডিজিটাল তথ্যও উদ্ধার হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এই বিপুল তথ্য পাচারের ফলে দেশের সামরিক প্রস্তুতি ও নিরাপত্তা গুরুতরভাবে বিঘ্নিত হতে পারত বলে আশঙ্কা তদন্তকারীদের। এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।


