বাসের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, ৪৩৫টি নতুন বাস নামাচ্ছে রাজ্য
নতুন বাসের তালিকায় সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে সিএনজি বাস।
Truth of Bengal: রাজ্যের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের উদ্যোগ। যাত্রী পরিষেবা উন্নত করতে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বহরে যুক্ত হতে চলেছে মোট ৪৩৫টি নতুন বাস। ইলেকট্রিক, সিএনজি, ডিজেল থেকে শুরু করে বিলাসবহুল ভলভো— সব ধরনের বাসই থাকছে এই তালিকায়। পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি পুরনো বাসের ঘাটতি মেটানো এবং যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক করাই এই উদ্যোগের লক্ষ্য।
নতুন বাসের তালিকায় সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে সিএনজি বাস। মোট ২০৬টি শীতাতপ নিয়ন্ত্রণহীন সিএনজি বাস কেনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩০টি সাধারণ বাস, ৭৬টি ৫০ আসনবিশিষ্ট এবং ১০০টি ১২ মিটার দৈর্ঘ্যের বাস। পাশাপাশি আসছে ১৫২টি শীতাতপ নিয়ন্ত্রিত ইলেকট্রিক বাস। এর মধ্যে ৩০টি হবে ৯ মিটার দৈর্ঘ্যের এবং ৪০ আসনবিশিষ্ট। বাকি ১২২টি হবে ১২ মিটার দৈর্ঘ্যের। পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থার দিকে এগোনোর ক্ষেত্রে এই বাসগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
এ ছাড়াও থাকছে ৪০টি মাঝারি মাপের শীতাতপ নিয়ন্ত্রণহীন ডিজেল বাস। বিলাসবহুল পরিষেবার জন্য কেনা হচ্ছে ৩৭টি ভলভো বাস। এর মধ্যে ২৭টি ১২ মিটার দৈর্ঘ্যের, ৬টি ৪৫ আসনবিশিষ্ট এবং ৪টি শয্যাযুক্ত বাস।
দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত বাসের অভাব এবং পুরনো বাসের কারণে যাত্রীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতি বদলাতেই এই উদ্যোগ। নতুন বাসগুলি পরিষেবায় যুক্ত হলে শহর ও শহরতলির যাতায়াতে সুবিধা বাড়বে বলে আশা। তবে কোন রুটে কত বাস নামানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।


