রেলে বন্ধ হতে চলেছে RAC টিকিট? যাত্রীদের জন্য বড় বদলের ইঙ্গিত!
যদিও আরএসি ব্যবস্থা তুলে দেওয়া হবে, নাকি ভাড়ার ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
Truth of Bengal: ভারতীয় রেলের বহুদিনের পুরনো ‘আরএসি’ (RAC) ব্যবস্থা কি এবার বন্ধ হতে চলেছে? রেলযাত্রীদের মধ্যে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে এই নিয়মে বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে পারে রেল মন্ত্রক। অন্তত তেমনই ইঙ্গিত মিলছে সাম্প্রতিক আলোচনা থেকে। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) আরএসি টিকিটে যাত্রীদের কাছ থেকে সম্পূর্ণ ভাড়া নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। কমিটির সুপারিশের পর বিষয়টি নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে রেল মন্ত্রক। যদিও আরএসি ব্যবস্থা তুলে দেওয়া হবে, নাকি ভাড়ার ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারি তরফেও কোনও ঘোষণা করা হয়নি। বর্তমান নিয়মে আরএসি টিকিটে দু’জন যাত্রীকে একটি সাইড লোয়ার বার্থ ভাগ করে যাত্রা করতে হয়। অর্থাৎ, একটি বার্থের জায়গায় দু’জনকে বসার ব্যবস্থা করে দেওয়া হয়। অথচ দু’জন যাত্রীর কাছ থেকেই নেওয়া হয় সম্পূর্ণ ভাড়া। ফলে পুরো বার্থ না পেয়েও একজন যাত্রীকে কনফার্মড টিকিটের সমান টাকা দিতে হচ্ছে। এই নিয়ম নিয়েই দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে যাত্রীদের একাংশের।
বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রায় একই বার্থ দু’জনের মধ্যে ভাগ করে নেওয়া যথেষ্ট সমস্যার হয়ে দাঁড়ায়। অপরিচিত দুই যাত্রীর মধ্যে একজন পুরুষ ও অন্যজন মহিলা হলে অস্বস্তি আরও বাড়তে পারে। অনেক সময় বসার জায়গা নিয়ে যাত্রীদের মধ্যে বচসার ঘটনাও ঘটে। ফলে পুরো ভাড়া দিয়েও পর্যাপ্ত জায়গা না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। যাত্রীদের একাংশের দাবি, যে যাত্রী সম্পূর্ণ বার্থ পাচ্ছেন না, তাঁর কাছ থেকে পুরো ভাড়া নেওয়া কোনওভাবেই যুক্তিসংগত নয়। এই বিতর্ক নতুন করে সামনে আসে ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি। ওই দিন সংসদে পেশ করা একটি রিপোর্টে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আরএসি যাত্রীদের কাছ থেকে সম্পূর্ণ ভাড়া আদায়ের বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ করে। পাশাপাশি, যাঁরা পূর্ণাঙ্গ বার্থ পাচ্ছেন না, তাঁদের ভাড়ার একটি অংশ ফেরত দেওয়ার প্রস্তাবও দেয় কমিটি। এরপর থেকেই রেল মন্ত্রকের অন্দরে আরএসি ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে খবর।
রেলের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, আরএসি ব্যবস্থার বর্তমান নিয়ম নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ রয়েছে। একটি বার্থের সম্পূর্ণ সুবিধা না পেয়েও পুরো ভাড়া দেওয়ার বিষয়টি অনেকেই অন্যায্য বলে মনে করেন। তবে শেষ পর্যন্ত এই ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হবে, নাকি আরএসি টিকিটের ক্ষেত্রে আংশিক ভাড়া ফেরতের ব্যবস্থা চালু হবে, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখযোগ্য বিষয় হল, বন্দে ভারত স্লিপার এবং নতুন অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার ক্লাসে ইতিমধ্যেই আরএসি ব্যবস্থা রাখা হয়নি। এই ট্রেনগুলিতে যাত্রীদের শুধুমাত্র কনফার্মড বার্থ দেওয়ার ব্যবস্থা রয়েছে। ফলে আগামী দিনে ভারতীয় রেলের অন্যান্য ট্রেনেও একই নিয়ম চালু হয় কি না, এখন সেদিকেই নজর যাত্রীদের। তবে আপাতত আরএসি বন্ধ হচ্ছে বলে নিশ্চিত হওয়ার কোনও কারণ নেই। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমান নিয়মই কার্যকর থাকছে।






