দেশ

Giriraj Singh: বিহারে জয়ের গন্ধ! হুঙ্কার দিয়ে গিরিরাজ সিংয়ের নজর এবার বাংলার দিকে, কটাক্ষ তৃণমূলের

বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটা পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যায়, এনডিএ জোট ম্যাজিক ফিগারের অনেক উপরে উঠে ১৮৯ আসনে এগিয়ে রয়েছে।

Truth of Bengal: বিহার বিধানসভা নির্বাচনের প্রাথমিক ট্রেন্ডে জয়ের স্পষ্ট ইঙ্গিত মিলতেই এবার বাংলা জয়ের হুঙ্কার দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। দুপুর পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, এনডিএ জোটের জয় যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই তিনি সরাসরি জানিয়ে দিলেন, বিহারের পর তাঁদের পরবর্তী লক্ষ্য হলো পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটা পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যায়, এনডিএ জোট ম্যাজিক ফিগারের অনেক উপরে উঠে ১৮৯ আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে বিজেপি ৮৫ এবং জেডিইউ ৩৫ আসনে এগিয়ে। অন্যদিকে, মহাগঠবন্ধন মাত্র ৫০টি আসনে লিড নিতে পেরেছে, যার মধ্যে আরজেডি এগিয়ে ৩৫ আসনে। প্রাথমিক ট্রেন্ড বুথ ফেরত সমীক্ষাকে সত্যি প্রমাণিত করে এনডিএ শিবিরের জয় এখন কেবল সময়ের অপেক্ষা।

বিহারের প্রাথমিক ফল স্পষ্ট হতেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সপাটে বলেন, “বিহার জিতছি। এ বার আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ। আগামী বছরে আমরা বাংলাতেও জিতব।” তিনি মহাগঠবন্ধনকে আক্রমণ করে আরও বলেন, “বিহার ঠিক করে নিয়েছে, অরাজকতার সরকার হতে দেওয়া যাবে না। তাই এটা উন্নয়নের জয়।” তিনি জঙ্গলরাজের ভয়াবহ দিনের উদাহরণ টেনে বলেন যে, আজকের যুবসমাজ সেই দিন দেখেনি, কিন্তু বড়রা দেখেছেন। তেজস্বী যাদবকে এক হাত নিয়ে তিনি বলেন, “তেজস্বীদের সরকার যতদিন ছিল, সবসময়ে বিশৃঙ্খলা ছাড়ানোর চেষ্টা করে গিয়েছে।”

তবে গিরিরাজ সিংয়ের এই হুঙ্কারকে একেবারেই পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেন, “বিহারে ছিলেন, বিহারে জিতেছেন। বাংলাতে আগেও ছিলেন না, ভবিষ্যতেও থাকবেন না। এটা বিজেপি বুঝে নিক।” তিনি আরও বলেন যে, বিজেপি বিহারে আগেও জিতেছিল, তাই এটি নতুন কিছু নয়।

Related Articles