‘নিজের ঘরে’ ফিরে আসার জন্য আগেই রাজস্থানের মালিককে ফোন জাদেজার
জাদেজা আমাদের দলের হয়ে ট্রফি জেতার সেই স্মৃতি এখনও ভুলতে পারেননি।
Truth Of Bengal: আইপিএল-এর আসরে একটা সময় মরু শহরের দল রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। এমনকি এই দলের জার্সি গায়েই ক্রিকেটের মেগা ইভেন্টে ট্রফি জয়ের স্বাদও পেয়েছিলেন বর্তমান টিম ইন্ডিয়ার অন্যতম অলরাউন্ডারটি। তারপর দল ছাড়ার পর মাঝে কেটে গিয়েছে ১৫টি বছর। কিন্তু এবার চেন্নাই সুপার কিংস থেকে আবার তাঁর পুরনো দলেই ফিরলেন জাড্ডু।
এবার জাড্ডুর রাজস্থানে রয়্যালসে যোগ দেওয়ার পরই এক সাক্ষাৎকারে দলের অন্যতম কর্ণধার মনোজ বাদালে বলেন, ‘গত অক্টোবর মাসেই জাদেজা আমার সঙ্গে যোগাযোগ করেন। এবং তখনই ওর সঙ্গে কথা বলে বুঝেছিলাম, জাড্ডু ওর পুরনো দলে ফেরার জন্য কতটা উদগ্রীব হয়েছিল। জাদেজা আমাদের দলের হয়ে ট্রফি জেতার সেই স্মৃতি এখনও ভুলতে পারেননি। সেই স্মরণীয় মুহূর্তগুলিই আমার সঙ্গে স্মৃতিচারণা করছিল। যা দেখে অভিভূত হয়েছিলাম আমিও।’
এখানেই শেষ নয়, রাজস্থান দলের অন্যতম কর্ণধার আরও বলেন, ‘গত কয়েক সপ্তাহে প্রায় মাঝে মাঝেই জাদেজার সঙ্গে কথা হয়েছে আমার। তবে জাড্ডুর সঙ্গে সামনা-সামনি দেখা হয়েছিল প্রায় অনেকদিন আগে। তখন ওর বয়স ছিল মাত্র ২১ বছর। এখন আমরা অপেক্ষায় আছি, আগামী আইপিএল-র আসরে জাদেজা-২ দেখব বলে।’
এবার জাদেজার সঙ্গে চেন্নাই থেকে রাজস্থানে আসছেন সাম কারেনে-ও। তাঁকে দলে নেওয়ার প্রসঙ্গে মনোজ বলেন, ‘অনেকেই বলছেন জাদেজাকে দলে পাওয়ার জন্য নাকি আমরা সাম কারনকেও নিতে বাধ্য হয়েছি। আসল কথা কিন্তু তা নয়। জাদেজার পাশাপাশি কারনকে দলে নেওয়াও আমাদের লক্ষ্য ছিল। কেননা এই দুইজন ক্রিকেটারকে নিয়েই আমাদের আগামী আইপিএল-এ অনেক পরিকল্পনা রয়েছে। আমাদের প্রথম থেকেই টার্গেট ছিল আসন্ন আইপিএল-এ আমরা এমন ক্রিকেটার চাইছিলাম, যাঁরা দু-তিনজন ক্রিকেটারের কাজ করে দিতে পারবে। সেই লক্ষ্যে আমরা কিছুটা হলেও এগোতে পেরেছি।’






