Truth of Bengal: ফুটবল মাঠে একের পর এক সাফল্যের পর এবার অভিনয় জগতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে তাঁর প্রথম অভিনয় অভিযানও ফুটবলকেন্দ্রিক। আধুনিক ফুটবল দুনিয়ার অন্দরমহলের গল্প নিয়ে তৈরি হতে চলা নতুন ওয়েব সিরিজ ‘ডে ওয়ানস’-এর সঙ্গে যুক্ত হয়েছেন রোনাল্ডো। শুধু কার্যনির্বাহী প্রযোজক হিসেবেই নয়, বিশেষ অতিথি চরিত্রেও দেখা যাবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে।
এই ওয়েব সিরিজে ফুটবল এজেন্টদের জীবন, খেলোয়াড়দের সঙ্গে তাঁদের সম্পর্ক, ক্লাবের অন্দরমহলের রাজনীতি এবং ফুটবল বাজারের নানা দিক তুলে ধরা হবে। সিরিজে এক ফুটবল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ডামিয়ান লুইস, যিনি ‘হোমল্যান্ড’ সিরিজের জন্য পরিচিত।
ইতিমধ্যেই উত্তর-পশ্চিম লন্ডনের বার্নেট এফসির স্টেডিয়াম ‘দ্য হাইভ’-এ শুরু হয়েছে ‘ডে ওয়ানস’-এর শুটিং। এই সিরিজে রোনাল্ডোর পাশাপাশি দেখা যাবে ফ্রান্সের প্রাক্তন তারকা ফুটবলার থিয়েরি অঁরিকেও। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি হওয়া দুই কিংবদন্তিকে এবার দেখা যাবে একই পর্দায়।
সিরিজটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনাল্ডো। তিনি জানিয়েছেন, ফুটবলের পাশাপাশি বিনোদন জগতেও নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে তিনি খুশি। তাঁর কথায়, এটি তাঁর জীবনের এক নতুন অধ্যায় হতে চলেছে।
‘ডে ওয়ানস’-এর সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছে হলিউড পরিচালক ম্যাথু ভনের প্রতিষ্ঠিত ইউআর-মার্ভ স্টুডিওস, যারা ‘কিংসম্যান’-এর মতো জনপ্রিয় সিনেমা প্রযোজনা করেছে। রোনাল্ডো ও অঁরির উপস্থিতির কারণে ইতিমধ্যেই বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে এই সিরিজের সম্প্রচারস্বত্ব নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে রোনাল্ডোকে হলিউডের জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে দেখা যেতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। যদিও সেই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে তার আগেই নিজের নতুন সফর শুরু করে দিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।
ফুটবল মাঠে যেমন নিজের প্রতিভার ছাপ রেখেছেন রোনাল্ডো, এবার বিনোদন জগতেও তাঁর উপস্থিতি কতটা প্রভাব ফেলে, সেটাই দেখার অপেক্ষা।






