দেশ

এনডিএর জয়ের নেপথ্যে বিশ্বব্যাঙ্কের ঋণ? বিহার নির্বাচন নিয়ে বিস্ফোরক পিকের দল

ভোটের হারও আশানুরূপ নয়।উদয় সিংয়ের বক্তব্য,প্রথমবার নির্বাচনী আচরণবিধি জারি থাকা অবস্থায়ও ভোটের আগের দিন পর্যন্ত টাকা বিলানো হয়েছে।

Truth Of Bengal: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র বিপুল জয়ের পরই সরব হয়েছে প্রশান্ত কিশোরের দল জন সুরাজ। দলের অভিযোগ ভোটে জিততে বিজেপি-জেডিইউ সরকার ভোটের ঠিক আগে ৪০ হাজার কোটি টাকা খরচ করেছে। শুধু রাজকোষ নয়, বিশ্বব্যাংকের দেওয়া উন্নয়নমূলক প্রকল্পের ১৪ হাজার কোটি টাকাও ‘খয়রাতি’ হিসেবে বিলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। দলের সভাপতি উদয় সিং দাবি করেন, ভোটের আগে অভাবনীয় ৪০ হাজার কোটি টাকা বিলিয়েছে সরকার।

পরিকাঠামো উন্নয়নের জন্য বিশ্বব্যাঙ্কের দেওয়া ১৪ হাজার কোটি টাকাও ভোট কেনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।তাঁর অভিযোগ, ‘মহিলা রোজগার যোজনা’-র আড়ালে ভোট কেনার চেষ্টা হয়েছে। এই প্রকল্পের আওতায় বিহারের এক কোটিরও বেশি মহিলাকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সফল উদ্যোগের ভিত্তিতে ২ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।

২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভায় এনডিএ পেয়েছে ২০২টি আসন। বিজেপি একক বৃহত্তম দল—৮৯টি আসন। জেডিইউ পেয়েছে ৮৪টি। অন্যদিকে প্রশান্ত কিশোরের জন সুরাজ একটিও আসন জিততে পারেনি। ভোটের হারও আশানুরূপ নয়।উদয় সিংয়ের বক্তব্য,প্রথমবার নির্বাচনী আচরণবিধি জারি থাকা অবস্থায়ও ভোটের আগের দিন পর্যন্ত টাকা বিলানো হয়েছে। তাঁদের দাবি, বিজেপি ভোট কেনার জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছে, আর নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। জন সুরাজ স্পষ্ট জানিয়ে দিয়েছে—তাদের ভরাডুবির অন্যতম কারণ নির্বাচনী প্রক্রিয়ায় এই ‘অস্বচ্ছতা’। এনডিএ-র তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।