ফেডারেশনের শাস্তির মুখে মোহনবাগানের ‘মাস্টারস্ট্রোক’! ওড়িশা ম্যাচে সমর্থকদের জন্য জোড়া ফ্রি টিকিট।
তিন ম্যাচে টানা জয় ও ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহনবাগান।
Truth Of Bengal: ফেডারেশনের ‘বিতর্কিত’ সিদ্ধান্তের পর যেন একেবারে মাস্টারস্ট্রোক খেলল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। ৬ মার্চ ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচে সমর্থকদের জন্য বিনামূল্যে জোড়া টিকিট দেওয়ার ঘোষণা করলেন ক্লাবের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। প্রথমে ফেডারেশনের নির্দেশে যুবভারতীতে ম্যাচটি ‘রুদ্ধদ্বার’ করার কথা থাকলেও পরে সিদ্ধান্তে বদল আসে। দর্শকদের জন্য আংশিকভাবে গ্যালারি খোলার অনুমতি দেওয়া হয়। আর ঠিক সেই সময়েই সবুজ-মেরুন শিবিরের এই চমকপ্রদ ঘোষণা ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে।
তিন ম্যাচে টানা জয় ও ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহনবাগান। চেন্নাইয়িনকে ২-০ গোলে হারানোর পর মহামেডানকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন দলের ফুটবলাররা। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তুঙ্গে। এবার লক্ষ্য যুবভারতীতে ওড়িশা এফসি-কে হারিয়ে সেই ধারা বজায় রাখা।
হোলি ও নারী দিবসে বিশেষ বার্তা
সোশ্যাল মিডিয়ায় ক্লাবের তরফে জানানো হয়েছে, হোলি ও আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে সবুজ-মেরুন পরিবারের মহিলাদের সম্মান জানাতে এবং আবেগপ্রবণ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই উদ্যোগ। প্রত্যেক সমর্থক পাবেন দু’টি করে বিনামূল্যের টিকিট। বার্তায় স্পষ্ট -‘সমর্থকরাই আমাদের শক্তি, তাঁরাই আমাদের হৃৎস্পন্দন।’ এই উদ্যোগের মাধ্যমে সমর্থকদের ভালবাসা ও আবেগকে সম্মান জানাতে চায় ক্লাব।
ফেডারেশনের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
উল্লেখ্য, কেরালার বিরুদ্ধে ম্যাচে দর্শকদের ‘নিয়মবিরুদ্ধ আচরণ’-এর অভিযোগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আসন্ন ওড়িশা ম্যাচটি রুদ্ধদ্বার করার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় মোহনবাগান ম্যানেজমেন্ট। ক্লাব সচিব সৃঞ্জয় বোস পর্যন্ত ম্যাচে না যাওয়ার ইঙ্গিত দেন। সমর্থকদের প্রতিবাদ ও ক্লাবকর্তাদের চাপে শেষ পর্যন্ত পুরো স্টেডিয়াম না খুললেও আংশিকভাবে দর্শক প্রবেশের অনুমতি দিতে বাধ্য হয় ফেডারেশন।
সমর্থকদের পাশে ম্যানেজমেন্ট
ওয়াকিবহাল মহলের মতে, ফেডারেশন যেভাবে সমর্থকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিল, তার জবাব হিসেবেই এই সিদ্ধান্ত। বিনামূল্যে টিকিট দেওয়ার ঘোষণা যেন স্পষ্ট বার্তা— সমর্থকদের পাশেই আছে মোহনবাগান ম্যানেজমেন্ট। ৬ মার্চের ম্যাচ তাই শুধুই আর একটি লিগ ম্যাচ নয়, বরং সবুজ-মেরুন আবেগের এক বড় উৎসব হয়ে ওঠার অপেক্ষা।






