রাজ্যের খবর

নেপাল বিপর্যয়ের পর সতর্ক বাংলা, ঝটিকা সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

সফরসূচি অনুযায়ী, বাগডোগরা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সরাসরি কালিম্পং যাবেন।

Truth of Bengal: মঙ্গলবার ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও সতর্কতা বাড়িয়েছে রাজ্য সরকার। পাহাড়ে ধস, নদীর হঠাৎ জলবৃদ্ধি এবং রাস্তার নিরাপত্তা নিয়ে প্রশাসনকে আগাম প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বাগডোগরা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সরাসরি কালিম্পং যাবেন। সেখানকার টাউন হলে সরকারি অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন। পরে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। আবহাওয়া অনুকূল থাকলে হেলিকপ্টারে, না হলে সড়কপথে কালিম্পং যাওয়ার পরিকল্পনা রয়েছে।

কালিম্পংয়ের কর্মসূচির পর শিলিগুড়ির উত্তরকন্যায় উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন।

প্রশাসনিক সূত্রের খবর, এই বৈঠকের মূল গুরুত্ব থাকবে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে। ধসপ্রবণ এলাকা, বিপজ্জনক পাহাড়ি রাস্তা, নদী-খাল এবং ঝুঁকিপূর্ণ জনবসতিতে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েও আলোচনা হবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতিতে দূর থেকে নজরদারির বদলে নিজে উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী।

Related Articles