খেলা

 ইউনাইটেডকে হারিয়ে শিল্ডের ফাইনালে মোহনবাগান

Truth Of Bengal: চলতি বছরের আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগানও। বুধবার কিশোর ভারতী স্টডিয়ামে মোলিনার দল ২-০ গোলে পরাজিত করল ময়দানের জায়ান্টকিলার ইউনাইটেড এফসিকে

(Mohun Bagan)। বাগানের হয়ে গোল করেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতস এবং অপর গোলটি হয় আত্মঘাতী। এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে এবারের শিল্ডের ফাইনালে ফের লড়াই হবে চির প্রতিদ্বন্দ্বী দুই দলের। যা বাঙালির আবেগের ডার্বি ম্যাচ নামে পরিচিত।

আরও পড়ুনঃ Raila Odinga: ভারতের মাটিতেই জীবনাবসান! কেরলে আয়ুর্বেদিক চিকিৎসা চলাকালীন প্রয়াত কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী

এদিন ম্যাচে বাগান কোচ তাঁর দলের প্রথম একাদশে পরিবর্তন আনেন। গোলে বিশালের বদলে শুরু করেন জাহিদ। ডিফেন্সে আলবার্তো রডরিগেজের পরিবর্তে মেহতাব সিং। শুভাশিষ এবং লিস্টন, সাহালরা জাতীয় দলে থাকায় দলে আসেন অভিষেক সূর্যবংশী, কিয়ান নাসিরি ও টং সিংরা। এছাড়া ফরোয়ার্ডে শুরু থেকেই মোলিনা ব্যবহার দিমিত্রি পেত্রাতস ও কামিন্স জুটিকে। মাঝমাঠের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছিলেন ব্রাজিলিয়ান মিডিও রবসন। (Mohun Bagan)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

ম্যাচের শুরু থেকেই লালকমলের দলের ওপর মোলিনার দল চাপ তৈরি করলেও গোলের সুযোগ প্রথম পেয়ে গিয়েছিল ইউনাইটেডই। ম্যাচের ১৪ মিনিটে তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার ক্রিস্টোফার চিবুজারের নেওয়া দুরন্ত শট বাগান গোলরক্ষক জাহিদ না বাঁচালে হয়ত তখনই পিছিয়ে পড়তে পারত মোলিনার দল। তবে এর কিছুক্ষণ পর গোল পেতে পারত বাগান, কিন্তু রবসনের মাইনাস অভিষেক সিং ঠিকমত কাজে লাগাতে না পারায় সুযোগ হাতছাড়া হয়।

২১ মিনিটের মাথায় নিজেদের জালে প্রায় বল ঢুকিয়ে খলনায়ক হয়ে যাচ্ছিলেন সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হওয়া পঞ্জাবি ডিফেন্ডার মেহতাব সিং।  সেই যাত্রাতেও রক্ষা পায় মোহনবাগান। এরপরও মোলিনার দল গোলের দেখা পেতে পারত, কিন্তু আশীষ রাই সে সুযোগ নষ্ট করেন। পাশাপাশি সুযোগ পায় ইউনাইটেডও। কপাল খারাপ তাদেরও। এবার লক্ষ্যভ্রষ্ট হয় সুজল মুন্ডার শট।

এই আক্রমণ ও প্রতি আক্রমণের মাঝেই প্রথমার্ধের প্রায় শেষ দিকে প্রথম গোলের দেখা পায় মোলিনার দল। কামিন্সের মাইনাস থেকে বাগানকে এগিয়ে দেন মেরিনার্সদের প্রিয় দিমি। (Mohun Bagan)

বিরতির পর পরই দলে পরিবর্তন করেন মোলিনা। টমের জায়গায় আলবার্তোকে নামান তিনি। এই পরিবর্তনের পর পরই মোহনবাগান তাদের দ্বিতীয় গোলটি পেয়ে যায়। রবসনের মাইনাস থেকে কামিন্সের শট ইউনাইটেড গোলরক্ষকের গায়ে লেগে ডিফেন্ডার অঙ্কনের পায়ে লেগে জড়িয়ে যায় জালে। এরপর ম্যাকলারেন, সুহেল ও দীপেন্দুকে মোলিনা মাঠে নামালেও ব্যবধান আর বাড়েনি।

তবে ম্যাচ জিতলেও ক্ষোভ যেন এখনও কমেনি বাগান সমর্থকদের। ম্যাচ শুরুর আগে থেকেই একদল বাগান সমর্থকদের বিক্ষোভের সাক্ষি এদিনও দেখা গেল কিশোর ভারতীজুড়ে। কেন কর্তাদের বিরুদ্ধে এখনও ক্ষোভ উগরে দিচ্ছেন মেরিনার্সরা কবেই বা এই সমস্যার সমাধান হবে তার উত্তর বাগান কর্তারাই দিতে পারবেন। (Mohun Bagan)

 

Related Articles