১৪ ফেব্রুয়ারির মহারণের আগে বড় চাল! কেরালা ব্লাস্টার্সের ঘরের ছেলেকে ছিনিয়ে নিল সবুজ-মেরুন
সোমবার থেকেই দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ ও টম অলড্রেডদের সঙ্গে অনুশীলনে নামতে পারেন অমেয়।
Truth of Bengal: ১৪ ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নতুন আইএসএল মরশুম শুরু করতে চলেছে মোহনবাগান। তার আগেই বড় ধাক্কা খেয়েছে সবুজ-মেরুন শিবির। হাঁটু ও হ্যামস্ট্রিংয়ের চোটে নির্ভরযোগ্য ডিফেন্ডার আশিস রাই গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন।তাঁর বিকল্প হিসেবে ২৮ বছর বয়সি রাইট-ব্যাক আমে রানাওয়াড়েকে দলে সই করিয়েছে মোহনবাগান। মহারাষ্ট্রের এই ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। মরশুম শেষ হলে তিনি পুরনো ক্লাব কেরালা ব্লাস্টার্সে ফিরে যাবেন বলেই জানা গিয়েছে। সোমবার থেকেই দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ ও টম অলড্রেডদের সঙ্গে অনুশীলনে নামতে পারেন অমেয়।
অভিজ্ঞ এই ডিফেন্ডার অতীতে মুম্বই সিটির হয়ে আইএসএল শিল্ড ও কাপ জিতেছেন। পাশাপাশি ওড়িশা এফসি, বেঙ্গালুরু ইউনাইটেড, এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের মতো ক্লাবেও খেলেছেন। ২০১১ সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এলিট অ্যাকাডেমি থেকে তাঁর পেশাদার কেরিয়ার শুরু। অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ ভারতীয় দলের হয়েও নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি।মুম্বই সিটি ও ওড়িশায় থাকার সময় কোচ সের্জিও লোবেরার অধীনেই খেলেছিলেন আমে। ফলে লোবেরার ফুটবল দর্শনের সঙ্গে তিনি যথেষ্ট পরিচিত। ডান বা বাঁ—দলের প্রয়োজনে একাধিক পজিশনে খেলতে পারার দক্ষতা মোহনবাগানের রক্ষণভাগে বাড়তি গভীরতা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।মেরিনার্সরা ট্রফি ধরে রাখার লক্ষ্যেই প্রস্তুতি শুরু করেছে, তবে আশিস রাইয়ের অভাব কতটা সামলাতে পারে দল—এখন সেটাই দেখার।এদিকে কেরালা ব্লাস্টার্স ম্যাচের অনলাইন টিকিট বিক্রি রবিবার রাত থেকেই শুরু হবে বলে ক্লাব সূত্রে জানানো হয়েছে।






