খেলা

ডার্বির আগেই বিতর্ক! গোপন প্র্যাকটিস ভিডিয়ো নিয়ে তোপ বিনোর

শনিবারের হাইভোল্টেজ ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে লাল-হলুদের সহকারী কোচ বিনো জর্জ অবশ্য বিপক্ষকে নিশানা করতে ভুললেন না।

Truth Of Bengal: আর মাত্র কিছুক্ষণের মধ্যেই শুরু চলতি মরসুমের তৃতীয় কলকাতা ডার্বি। যুবভারতীতে শিল্ড ফাইনালের সেই মহারণের উত্তাপ ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। এর আগে ডুরান্ড কাপ ও কলকাতা লিগের ডার্বি ঝুলিতে পুরেছে ইস্টবেঙ্গল। এবার আইএফএ শিল্ড জিততে পারলে ক্লাব তাঁবুতে উল্লাসের ছবিটা যে অন্যরকম হবে, সেটা বলাই বাহুল্য। শনিবারের হাইভোল্টেজ ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে লাল-হলুদের সহকারী কোচ বিনো জর্জ অবশ্য বিপক্ষকে নিশানা করতে ভুললেন না।

শনিবারের বড় ম্যাচের আগে শুক্রবার অনুশীলন ছিল লাল-হলুদ ফুটবলারদের। সেই অনুশীলনে ক্যামেরার প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু সেই প্র্যাকটিসের ভিডিয়ো ইতিমধ্যেই উপলব্ধ। কীভাবে? সেই প্রসঙ্গও তুললেন সহকারী কোচ বিনো। তাঁর স্পষ্ট অভিযোগ, যুবভারতীর পাশের কোনও হোটেল থেকে ইস্টবেঙ্গলের অনুশীলনের ভিডিয়ো রেকর্ড করা হয়েছে। নাম না করলেও তাঁর নিশানায় যে বিপক্ষ মোহনবাগান, সেটা না বললেও চলে। সাংবাদিক বৈঠকে বিনো জর্জ বলেন, পুরোটাই নির্ভর করছে স্পোর্টসম্যান স্পিরিটের ওপর।

লাল-হলুদের শুক্রবারের সাংবাদিক বৈঠকে অবশ্য কোনও খেলোয়াড়কে দেখা যায়নি। শুধুমাত্র সহকারী কোচ বিনো জর্জই ছিলেন। তিনি বলেন, তাঁর দল তৈরি। প্রত্যেক প্লেয়ার ফিট। বিপক্ষ সেরা দল, কিন্তু তাঁরাও তৈরি ভাল খেলার জন্য। তিনি দলকে কলকাতা লিগ জিতিয়েছেন, এবার তিনি সহকারি কোচের আসনে। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে তিনি লিগ জয়ের অভিজ্ঞতা কোচ অস্কার ব্রুঁজ়োর সঙ্গে শেয়ার করবেন কিনা। উত্তরে বিনো বলেন, ‘আমরা তৈরি। হেড কোচ এবং আমরা সবাই বৈঠক করব, আমরা অস্কারের সঙ্গে জিততে চাই।’

Related Articles