পরীক্ষা প্রক্রিয়ায় বেনজির জালিয়াতি! চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উত্তাল পুণের জেলাশাসক দপ্তর
সোমবার পুণের রাস্তায় নামেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী
Truth of Bengal: মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা পরিচালনায় ত্রুটির অভিযোগে ক্ষোভে ফুঁসছেন পরীক্ষার্থীরা। পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিতে সোমবার পুণের রাস্তায় নামেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী। সময়ের সঙ্গে আন্দোলনের তীব্রতাও বাড়ছে। আন্দোলনকারীদের দাবি, সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রের একাধিক সরকারি নিয়োগ পরীক্ষাকে ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। কোনও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে, আবার কোথাও পরীক্ষা পরিচালনা কিংবা ফল প্রকাশের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এর ফলে মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের প্রতি পরীক্ষার্থীদের আস্থা ক্রমশ কমছে বলে দাবি আন্দোলনকারীদের। তাঁদের মূল দাবি, পরীক্ষার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। প্রশ্নপত্রের নিরাপত্তা আরও কঠোর করার পাশাপাশি অভিযোগ উঠলে দ্রুত তদন্ত এবং নিষ্পত্তির ব্যবস্থাও করতে হবে।
সোমবার পুণের ওমকারেশ্বর মন্দির এলাকা থেকে শুরু হয় পরীক্ষার্থীদের মিছিল। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল গিয়ে শেষ হয় জেলা কালেক্টরেটের সামনে। সেখানে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। আন্দোলনে যোগ দেন বহু পরীক্ষার্থী। তাঁদের পাশে দাঁড়ায় বিরোধী রাজনৈতিক দলগুলিও। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পওয়ার), কংগ্রেস এবং শিবসেনা (উদ্ধব ঠাকরে) আন্দোলনকারীদের সমর্থন জানায়। কালো শার্ট পরে বিক্ষোভে অংশ নেন বিধায়ক রোহিত পওয়ার। একটি গাড়ির উপর দাঁড়িয়ে আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। তাঁর নিশানায় ছিল মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের নেতৃত্ব ও পরীক্ষা পরিচালনার পদ্ধতি। সম্প্রতি এক্সাইজ এমপিএসসি-র বিভাগীয় পরীক্ষাকে ঘিরে যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গও তুলে ধরেন রোহিত। তাঁর দাবি, প্রশাসনিক অনিয়মের সঙ্গে প্রাতিষ্ঠানিক স্তরের যোগসাজশের অভিযোগও সামনে আসছে। এমনকি যুগ্ম সচিব পর্যায়ের এক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে পরীক্ষায় নম্বর দেওয়ার পদ্ধতি সংক্রান্ত তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
রোহিত পওয়ারের বক্তব্য, পরীক্ষার্থীরা প্রতিদিন দীর্ঘ সময় ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেখানে কমিশনের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে পরীক্ষার সামগ্রী বিক্রি বা গোপন তথ্য ফাঁসের অভিযোগ ওঠা অত্যন্ত উদ্বেগের। তাঁর কথায়, পরিশ্রমী পরীক্ষার্থীদের সঙ্গে কোনও ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না। তিনি আরও দাবি করেন, এই আন্দোলন কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। বরং এটি মহারাষ্ট্রের চাকরিপ্রার্থী যুবসমাজের ভবিষ্যৎ এবং স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার দাবিতে লড়াই।


