দিল্লিতে পিটিয়ে খু*ন মণিপুরি গায়ক, প্রতিবাদ করাই কি হল ‘অপরাধ’?
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।
Truth of Bengal: দিল্লিতে পিটিয়ে খুন করা হয়েছে মণিপুরের পরিচিত গায়ক সি বিক্রম সিংকে। অভিযোগ, বাড়ির সামনে মদ্যপান ও হট্টগোলের প্রতিবাদ করতেই তাঁর উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।
ঘটনাটি ঘটেছে দিল্লির কিলোকারি ভিলেজ এলাকায়। ৫৪ বছর বয়সি বিক্রম দীর্ঘদিন ধরেই সেখানে বসবাস করতেন। সোমবার রাতে তাঁর বাড়ির সামনে কয়েকজন ডেলিভারি কর্মী ও ধাবার কর্মী মদ্যপ অবস্থায় চেঁচামেচি করছিল বলে অভিযোগ। তাঁদের থামাতে গেলে বিক্রমের উপর চড়াও হয় একদল যুবক।
পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর মৃত্যু হয়। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নাবালকও রয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
এই হত্যাকাণ্ডের পর দিল্লিতে উত্তর-পূর্ব ভারতের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ইস্ট স্টুডেন্টস সোসাইটিও ঘটনার নিন্দা করেছে।






