দেশ

ভ্রমণের মরশুমে ধাক্কা – মার্চ থেকে মে পর্যন্ত ট্রেন চলাচলে ব্যাপক পরিবর্তন

অমৃত ভারত প্রকল্পের কাজ চলাকালীন এই পরিবর্তন কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

Truth Of Bengal: ঘুরতে যাওয়ার মরশুমেই বড় ধাক্কা রেলযাত্রীদের। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে সম্প্রতি। তার উপর চলছে উৎসবের আবহ। এই সময় বহু মানুষ পরিবার বা বন্ধুদের নিয়ে পুরী-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু ঠিক এই সময়েই পুরীগামী একাধিক ট্রেনের পরিষেবায় বড়সড় পরিবর্তন আনল ভারতীয় রেল। অমৃত ভারত প্রকল্পের কাজের জন্য কয়েকটি ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের গন্তব্য সংক্ষিপ্ত করা হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল ট্রেনটি মার্চ মাসের ১৫, ২২ ও ২৯ তারিখে, এপ্রিল মাসের ৫, ১২, ১৯ ও ২৬ তারিখে এবং মে মাসের ৩ ও ১০ তারিখে বাতিল থাকবে। একইভাবে ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল ট্রেনটি মার্চ মাসের ১৬, ২৩ ও ৩০ তারিখে, এপ্রিল মাসের ৬, ১৩, ২০ ও ২৭ তারিখে এবং মে মাসের ৪ ও ১১ তারিখে বাতিল করা হয়েছে।

অন্যদিকে শিয়ালদা-পুরী-শিয়ালদা (২২২০১-২২২০২) দুরন্ত এক্সপ্রেস পরিষেবাতেও নজর রয়েছে যাত্রীদের। এই ট্রেনটি প্রতি সপ্তাহে সোমবার, বুধবার ও শুক্রবার শিয়ালদা থেকে পুরীর উদ্দেশে রওনা দেয়। যদিও এই ট্রেনের সম্পূর্ণ বাতিলের কথা ঘোষণা করা হয়নি, তবে চলাচল সংক্রান্ত আপডেট জানতে যাত্রীদের রেলের বিজ্ঞপ্তির উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও তিরুপতি-পুরী-তিরুপতি এক্সপ্রেস আংশিকভাবে বাতিল করা হয়েছে। ২০২৬ সালের মার্চ মাসের ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২৩, ২৪, ২৫, ২৭, ২৮, ৩০ ও ৩১ তারিখে; এপ্রিল মাসের ১, ৩, ৪, ৬, ৭, ৮, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৭, ১৮, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৭, ২৮ ও ২৯ তারিখে; এবং মে মাসের ১, ২, ৪, ৫, ৬, ৮, ৯, ১১ ও ১২ তারিখে তিরুপতি-পুরী এক্সপ্রেস পুরী স্টেশনে না গিয়ে সাক্ষী গোপাল স্টেশনে যাত্রা শেষ করবে।

পাল্টা পথে পুরী-তিরুপতি এক্সপ্রেসও নির্দিষ্ট কিছু দিনে পুরী থেকে যাত্রা শুরু করবে না। মার্চ মাসের ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৫, ২৬, ২৭ ও ২৯ তারিখে; এপ্রিল মাসের ১, ২, ৩, ৫, ৬, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৫, ১৬, ১৭, ১৯, ২০, ২২, ২৩, ২৪, ২৬, ২৭ ও ২৯ তারিখে; এবং মে মাসের ১, ৩, ৪, ৬, ৭, ৮, ১০, ১১, ১৩, ১৪ ও ১৫ তারিখে এই ট্রেন সাক্ষী গোপাল স্টেশন থেকেই যাত্রা শুরু করবে।

ফলে পুরীগামী যাত্রীদের আগে থেকেই ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ। অমৃত ভারত প্রকল্পের কাজ চলাকালীন এই পরিবর্তন কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।