East Bengal: শ্রীনিধিকে বড় ব্যবধানে হারিয়ে শিল্ড অভিযান শুরু করল ইস্টবেঙ্গল
এই ম্যাচে মশাল ব্রিগেডের প্রতিপক্ষ ছিল শ্রীনিধি ডেকান। ম্যাচে হায়দরাবাদের দলটিকে ৪-০ গোলের ব্যবধানে জয় তুলে নিল অস্কারের দল।
Truth of Bengal: বুধবার কল্যাণী স্টেডিয়ামে চলতি বছরের আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল। এই ম্যাচে মশাল ব্রিগেডের প্রতিপক্ষ ছিল শ্রীনিধি ডেকান। ম্যাচে হায়দরাবাদের দলটিকে ৪-০ গোলের ব্যবধানে জয় তুলে নিল অস্কারের দল। এবারের শিল্ডকে সুপার আগে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে ইস্টবেঙ্গল যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তা ফুটবলার থেকে শুরু করে টিমের কর্তাদের শরীরী ভাষাই জানান দিচ্ছিল। এবং লাল-হলুদ জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেলেন এফসি গোয়া থেকে এবারই প্রথম দলে আসা ডিফেন্ডার জয় গুপ্তা (East Bengal)।
এই ম্যাচে অস্কার তাঁর প্রথম দলকেই মাঠে নামিয়েছিলেন। গোলে প্রভুসুখনের পরিবর্তে ছিলেন দেবজিৎ। চার ডিফেন্ডার, লালচুংনুঙ্গা, রাকিপ, জয় গুপ্তার সঙ্গে ছিলেন মার্তন্ড রায়না। মিডফিল্ডে সউল, রশিদের সঙ্গে ছিলেন মিশুয়েল। এবং তিন ফরোয়ার্ড হামিদ, বিষ্ণু এবং বিপিন। অর্থ্যাৎ ৪-৩-৩ পদ্ধতিতে দল সাজিয়ে প্রথম থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে অস্কারের দল। প্রতিপক্ষকে সব দিক থেকে নাজেহাল করলেও গোলের দেখা মিলছিল না কিছুতেই। ম্যাচের ২০ মিনিট অবধি অপেক্ষা করার পর প্রথম গোলের দেখা পায় অস্কার ব্রুজোর দল। মশাল ব্রিগেডের হয়ে প্রথম স্কোর শিটে নাম তোলেন ডিফেন্ডার জয় গুপ্তা। ফ্রিকিক থেকে মিগুয়েলের নেওয়া শট শ্রীনিধির গোলরক্ষর আদিল প্রথম চেষ্টায় দলকে বাঁচালেও তাঁর কাছ থেকে ছিটকে আসা বল জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি জয়।
এরপর লাল-হলুদের হয়ে দ্বিতীয় গোলটি করে ক্রেসপো। বিরতির আগেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিরতি থেকে ফিরে নিজেদের যেন আরও মেলে ধরতে থাকেন সউল-হামিদ-বিপিন-রাকিপরা। অস্কারের দল তাদের তৃতীয় গোলটি তুলে নেয় একটা পরিকল্পিত আক্রমণ থেকে। ৪৮ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে হামিদ বল পেয়ে কিছুটা এগিয়ে ডানপ্রান্তে থাকা বিপিনকে বল দেন, মণিপুরী উইঙ্গারের প্রথম ডজে হালকা বিট হন শ্রীনিধি ডিফেন্ডার। ফলে মাইনাস করতে কোনও অসুবিধা হয়নি লাল-হলুদ উইঙ্গারের। তাঁর ক্রস থেকেই দলের হয়ে তৃতীয় গোলটি করেন মরোক্কোন স্ট্রাইকার হামিদ (East Bengal)।
ইস্টবেঙ্গল তাদের চতুর্থ গোলটি পায় ৫২ মিনিটে। ক্রেসপোর কর্নার থেকে মাথা ছুঁইয়ে অস্কারের দলের হয়ে নিজামের শহরের দলটির কফিনে শেষ পেরেঁকটি পুঁতে দেন জিকসন সিং। অস্কারের দল তাঁদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আগামী ১৪ অক্টোবর। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ নামধারী এফসি। এদিন আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচের ট্রফি উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ম্যাচ শুরু হওয়ার আগে সম্প্রতি উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের কারণে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় (East Bengal)।






