দেশ

Javed Habib: জাভেদ হাবিব ও পুত্রের বিরুদ্ধে কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, জারি লুকআউট নোটিস

Truth of Bengal: বিখ্যাত কেশসজ্জাশিল্পী জাভেদ হাবিব ও তাঁর পুত্রের বিরুদ্ধে বড়সড় আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। বিটকয়েন বিনিয়োগের নামে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, অভিযুক্তরা দেশ ছেড়ে পালাতে না পারেন, সে কারণে ইতিমধ্যেই হাবিব ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাভেদ হাবিব, তাঁর পুত্র এবং আরও একজনের বিরুদ্ধে অন্তত ২০টি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারীরা দাবি করেছেন, একটি নির্দিষ্ট চক্র গড়ে সাধারণ মানুষকে বিটকয়েনে বিনিয়োগ করতে উৎসাহিত করতেন হাবিবরা। তাঁদের প্রতিশ্রুতি ছিল— বছরে বিপুল রিটার্ন মিলবে।

সম্ভলের পুলিশ সুপার কেকে বিশ্নোই জানিয়েছেন, একেক জন ভুক্তভোগীর কাছ থেকে ৫-৭ লক্ষ টাকা করে আদায় করা হয়েছে। যদিও আড়াই বছর পেরিয়ে গেলেও বিনিয়োগকারীরা কোনও রিটার্ন পাননি। বর্তমানে পুলিশের কাছে এমন অন্তত ৩৫ জন ব্যক্তি অভিযোগ করেছেন বলে জানা গেছে। আরও কেউ এই প্রতারণার শিকার হয়ে থাকলে, তাঁদের থানায় অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন এসপি।

তদন্তে উঠে এসেছে, জাভেদ হাবিবের স্ত্রী ‘FLC’ নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরেই এই সংস্থা ও তার আর্থিক লেনদেন তদন্তকারীদের নজরে ছিল। অভিযোগ, এই FLC-র মাধ্যমেই সাধারণ মানুষকে বিনিয়োগে উৎসাহিত করা হত এবং শেষমেশ তাঁদের ঠকিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এই ঘটনায় পুলিশ এখন গোটা আর্থিক চক্র ও যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে তৎপর হয়েছে। তবে, এই অভিযোগগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন জাভেদ হাবিবের আইনজীবী। তাঁর বক্তব্য, হাবিবের নামে কোনও এফআইআর দায়ের হয়নি এবং তিনি FLC সংস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নন। ওই সংস্থার একটি সেমিনারে তিনি কেবল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Related Articles