বাংলায় জোড়া এনকাউন্টার, এবার কবিতার মাধ্যমে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল! কী লিখলেন মন্ত্রী?
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী সামাজিক মাধ্যমে একটি স্বরচিত কবিতা পোস্ট করেছেন
Truth of Bengal: একদিনে বাংলায় জোড়া এনকাউন্টার। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের মৃত্যু হয় পুলিশি এনকাউন্টারে। একই দিন বিকেলে মুর্শিদাবাদের ধুলিয়ানেও বিজেপি নেতা খুনের মামলায় অভিযুক্ত এনকাউন্টারে মারা যায়। এই দুই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এনকাউন্টার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, কেউ আইন হাতে তুলে নিলে পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে না। রাজ্যে আইনের শাসন চলছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। এবার জোড়া এনকাউন্টার নিয়ে নিজের ভাবনা কবিতার ছন্দে প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলের বিধায়ক তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী সামাজিক মাধ্যমে একটি স্বরচিত কবিতা পোস্ট করেছেন। সেখানে অপরাধ দমন, মানুষের নিরাপত্তা এবং পুলিশের দায়িত্বের কথা তুলে ধরেছেন তিনি। কবিতায় অগ্নিমিত্রা লিখেছেন, “অপরাধ থামুক, মানুষ বাঁচুক, ভয়ের অন্ধকার দূরে যাক। যে হাতে মানুষের নিরাপত্তার ভার, সেই হাত রুখুক অপরাধ বারবার।”
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বারুইপুরকাণ্ডে প্রথম এনকাউন্টারের ঘটনা সামনে এসেছিল। তার কয়েক মাসের মধ্যেই মঙ্গলবার একদিনে জোড়া এনকাউন্টার। দুটি ঘটনাতেই পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তবে বিজেপির মন্ত্রী ও নেতারা পুলিশের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। কবিতার অন্য অংশে অগ্নিমিত্রা লিখেছেন, “রাষ্ট্রের শক্তি থাকুক মানুষের পাশে, শান্তির সকাল ফিরুক প্রতিটি ঘরে। অপরাধ দমনে দৃঢ়তা চাই, মানুষের নিরাপত্তায় আপস নাই।” অর্থাৎ, অপরাধ দমনে কঠোর পদক্ষেপ এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বার্তাই তুলে ধরেছেন মন্ত্রী।
মঙ্গলবার রাতে দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জোড়া এনকাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, নেশামুক্তি এবং মহিলাদের উপর অত্যাচারের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এই দুই ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা কোনও সমস্যায় পড়লে পুলিশমন্ত্রী হিসেবে তিনি নিজে তাঁদের পাশে দাঁড়াবেন বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, পশ্চিমবঙ্গকে গুন্ডামুক্ত করার বার্তাও দেন তিনি।এনকাউন্টার নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই অগ্নিমিত্রার কবিতা নতুন করে আলোচনায় উঠে এসেছে। এর আগে চলতি বছরের ৯ আগস্ট অভয়া দিবস উপলক্ষেও স্বরচিত কবিতা পাঠ করেছিলেন তিনি। তৃণমূল জমানায় দু’বছর আগে ওই দিন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল। সেই স্মৃতিকে সামনে রেখে প্রতি বছর ৯ আগস্ট অভয়া দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর আসানসোল জেলা হাসপাতালেও অভয়া স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেও নিজের লেখা কবিতা পাঠ করেছিলেন অগ্নিমিত্রা পাল।






