Truth of Bengal: বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও উরুগুয়ের আগমন ঘিরে প্রত্যাশিতভাবেই গোটা ভারতীয় ফুটবল মহলে শুরু হয়ে গিয়েছে চরম উন্মাদনা ও সাজ সাজ রব। আন্তর্জাতিক এই মেগা প্রদর্শনী ম্যাচ দুটিকে নিখুঁত ও অবিস্মরণীয় করে তুলতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও ধরনের খামতি রাখা হচ্ছে না। আগামী ৩ অক্টোবর ঐতিহ্যবাহী যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল সমর্থক ভারতের মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের পাওয়ার হাউস ব্রাজিল। তার তিনদিন পর ৬ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে নামবেন আনোয়ার আলিরা। এই মেগা আসর ঘিরে এবার ফুটপ্রেমীদের জন্য থাকছে একাধিক চোখধাঁধানো চমক!
বিশেষ সূত্রে খবর, আগামী ২ অক্টোবরের মধ্যে শহরে পৌঁছে যাবে ব্রাজিল ও উরুগুয়ে দল। ওইদিন সন্ধ্যায় রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে দুই হাইপ্রোফাইল দল এবং ভারতীয় ফুটবল দলের খেলোয়াড় ও প্রতিনিধিদের জন্য এক বর্ণাঢ্য সান্ধ্যকালীন নৈশভোজের (Gala Dinner) আয়োজন করা হয়েছে। এই হাই-প্রোফাইল সান্ধ্যভোজনে সশরীরে উপস্থিত থেকে বিশ্বখ্যাত ফুটবল তারকাদের বরণ করে নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
চমকের এখানেই শেষ নয়! আগামী ৩ অক্টোবর ব্রাজিল বনাম ভারত ম্যাচে যুবভারতীর ভিআইপি গ্যালারিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করবেন। ফলে গ্যালারিতেও যে একপ্রকার চাঁদের হাট বসতে চলেছে, তা বলাই বাহুল্য। সাম্বা জাদুকরদের স্বাগত জানাতে ইতোমধ্যে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে যুবভারতী স্টেডিয়ামকে। কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, তার জন্য কলকাতার ট্রাফিক ও নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করা হচ্ছে।
উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্রাজিল যে দল ঘোষণা করেছে, তা আন্তর্জাতিক রত্নখচিত! ফরোয়ার্ড লাইনে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ও এনড্রিকের সঙ্গে থাকছেন বার্সেলোনার রাফিনহা, এস্তেভাও উইলিয়ান ও জোয়াও পেদ্রোর মতো মহাতারকারা। মিডফিল্ড সামলাবেন ব্রুনো গিমারেস ও আন্দ্রে স্যান্টোসরা। অন্যদিকে ডিফেন্সের দায়িত্বে থাকবেন পিএসজি অধিনায়ক মারকুইনহোস ও আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাঘেলাস। তিলোত্তমায় এই মেগা ফুটবল যুদ্ধ দেখতে প্রহর গুনছে কোটি ফুটবলপ্রেমী।






