ঈদের ছুটিতে সূচি বদল! পিছিয়ে গেল ইস্টবেঙ্গল বনাম মহামেডান মহাযুদ্ধ
মহামেডান ম্যাচের আগে অনুশীলনে দীর্ঘ সময় ধরে মাঠেই দলকে নিয়ে আলোচনায় ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে এই স্প্যানিশ কোচকে
Truth of Bengal: ঈদের কারণে পিছিয়ে গেল ইস্টবেঙ্গল বনাম মহামেডান ম্যাচ। শনিবার হওয়ার কথা থাকলেও এখন তা অনুষ্ঠিত হবে সোমবার। ফলে দল গোছানোর জন্য বাড়তি দু’দিন সময় পেয়ে গেলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। টানা তিন ম্যাচে ৭ পয়েন্ট খোয়ানোর পর দলের পারফরম্যান্স ঘিরে চাপ বেড়েছে, তাই এখন ফুটবলারদের মানসিকভাবে চাঙা করাই কোচের প্রধান লক্ষ্য। মহামেডান ম্যাচের আগে অনুশীলনে দীর্ঘ সময় ধরে মাঠেই দলকে নিয়ে আলোচনায় ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে এই স্প্যানিশ কোচকে।
মাত্র ১৩ ম্যাচের লিগে ৭ পয়েন্ট হারিয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল। ফলে ব্রুজোঁর সামনে শুধু দলকে ঘুরিয়ে দাঁড় করানো নয়, নিজের অবস্থান ধরে রাখার লড়াইটাও সমান গুরুত্বপূর্ণ। মহামেডান ম্যাচের আগে কেভিন পুরোপুরি ফিট না হলেও, সোজবার্গের ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, শুক্রবার লিগ শীর্ষে থাকা মোহনবাগান মুখোমুখি হবে মুম্বই সিটির। ছাংতেদের মুম্বই ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে, আর কোচ পিটার ক্র্যাটকি-র লক্ষ্য স্পষ্ট—এই ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করা। মোহনবাগান কোচ লোবেরা এই ম্যাচে রবসনকে দলে পাচ্ছেন, যিনি বুধবার পুরো অনুশীলন করেছেন। যদিও চোটের কারণে আলবার্তো এখনও রিহ্যাবেই সীমাবদ্ধ।
এদিকে বৃহস্পতিবার স্পোর্টিং ক্লাব দিল্লি প্রথমবারের মতো নিজেদের হোম ম্যাচ খেলবে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। প্রতিপক্ষ লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসি। গ্যালারি ভরাতে অন্তত ১০ হাজার দর্শক টানার লক্ষ্যে কাগজ ও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে বিনামূল্যে টিকিট বিলোচ্ছে দিল্লির কর্তৃপক্ষ।






