চেন্নাই জয় করে বাগানকে ছুঁল ইস্টবেঙ্গল, শেষ মুহূর্তের ঝড়ে উড়ে গেল বিপক্ষ
আইএসএল-এর খেতাবি লড়াই এখন আরও জমজমাট
Truth Of Bengal: ম্যাচের শুরুটা ছিল অগোছালো, ছন্নছাড়া ফুটবল আর অজস্র মিসপাসের মহড়া। রক্ষণের ফাঁকও বারবার ধরা পড়ছিল প্রতিপক্ষের কাছে। কিন্তু ম্যাচের শেষ লগ্নে পাল্টে গেল সবটা। চেন্নাইয়ের মাঠ থেকে ৩-১ গোলের দাপুটে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল এফসি। এই জয়ের ফলে লিগ তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ছুঁয়ে ফেলল লাল-হলুদ ব্রিগেড, যার ফলে আইএসএল-এর খেতাবি লড়াই এখন আরও জমজমাট।
Late goals from Bipin and Nandha delivered the goods for @eastbengal_fc who take away full points from Chennai! 💥#CFCEBFC #ISL12 pic.twitter.com/2P7ZjLw3pP
— Indian Super League (@IndSuperLeague) April 11, 2026
ম্যাচের শুরুতেই এডমুন্ডের গোলে এগিয়ে গিয়ে চালকের আসনে বসেছিল অস্কার ব্রুজ়োঁর দল। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রক্ষণভাগের ভুলে গোল খেয়ে বসে ইস্টবেঙ্গল, যার ফলে সমতা ফেরায় চেন্নাইয়িন এফসি। এরপর ম্যাচের অনেকটা সময় দুই দলের মধ্যে সমানে সমানে লড়াই চললেও খেলার মান খুব একটা আশাপ্রদ ছিল না। ৮৩ মিনিট পর্যন্ত স্কোরলাইন ১-১ থাকায় যখন ড্রয়ের সম্ভাবনা জোরালো হচ্ছিল, ঠিক তখনই ম্যাজিক দেখায় লাল-হলুদ আক্রমণভাগ।
খেলার শেষ মুহূর্তে জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণে উঠতে শুরু করে চেন্নাই। আর ঠিক সেখানেই ভুলটা করে বসে তারা। প্রতিপক্ষের রক্ষণভাগের আলগা হওয়ার সুযোগ নিয়ে ঝড়ের বেগে আক্রমণ শানায় ইস্টবেঙ্গল। বিপিন সিং ও নন্দকুমারের জোড়া গোলে জয় নিশ্চিত হয় কলকাতার এই প্রধানের। শেষ দশ মিনিটে চেন্নাইকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
এই জয়ের মাহাত্ম্য পয়েন্ট তালিকায় স্পষ্ট। বর্তমানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান—দুই দলেরই সংগ্রহ ১৪ পয়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বীর ঠিক ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে অস্কারের প্রশিক্ষণাধীন দল। লিগ শিল্ডের দৌড়ে এই জয় লাল-হলুদ সমর্থকদের মনে নতুন আশার আলো জাগিয়েছে। ছন্নছাড়া শুরু করেও কীভাবে ম্যাচ বের করে নিতে হয়, এদিন চেন্নাইয়ের মাটিতে তা বুঝিয়ে দিলেন নন্দকুমাররা।






