৯ বছরের সম্পর্কের শুভ পরিণতি! বান্ধবী জর্জিনার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রোনাল্ডো
দীর্ঘ প্রতীক্ষার পর জর্জিনার আঙুলে আংটি পরালেন রোনাল্ডো!
Truth of Bengal: দীর্ঘ ৯ বছরের নিবিড় প্রেম ও একসঙ্গে থাকার পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ফুটবল বিশ্বের মেগাস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। সম্প্রতি আংটি বদল করে নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে বিয়ের রূপ দিলেন এই তারকা দম্পতি। পর্তুগালের মনোরম শহর কাসকাইসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এই বিশেষ মুহূর্তটি উদযাপিত হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে রোনাল্ডো ভক্তদের মধ্যে বইছে আনন্দের হাওয়া। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জর্জিনার হাত ধরে থাকার একটি ছবি শেয়ার করেন পর্তুগিজ ফরোয়ার্ড, যেখানে তাঁদের আঙুলে জ্বলজ্বল করছে বিয়ের আংটি। ছবির ক্যাপশনে অতি সংক্ষেপে কিন্তু গভীরভাবে সিআরসেভেন লিখেছেন, ‘‘সি (হৃদয়ের ইমোজি) জি’’।

উল্লেখ্য, গত বছরই তাঁদের বাগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এনেছিলেন জর্জিনা। ২০১৬ সালে প্রথম দেখা হওয়ার পর থেকেই হাত ধরাধরি করে চলছেন এই দুই তারকা। বর্তমানে তাঁদের সংসার আলো করে রয়েছে পাঁচ সন্তান, ১৬ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র, ৯ বছরের যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেও, ৮ বছরের আলানা এবং ৪ বছরের ছোট মেয়ে বেলা। মাঠের বাইরে সবসময়ই পরিবারকে অগ্রাধিকার দেওয়া রোনাল্ডো এবার বিয়ের মাধ্যমে সম্পর্ককে পূর্ণতা দিলেন।
খেলোয়াড়ি জীবনের দিক থেকেও সময়টা বেশ আবেগঘন রোনাল্ডোর জন্য। সম্প্রতি ষষ্ঠ বিশ্বকাপ খেলে ফেলেছেন এই কিংবদন্তি। স্পেনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই স্প্যানিশ সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন যে, এটিই তাঁর জীবনের শেষ বিশ্বকাপ হতে চলেছে। টুর্নামেন্ট থেকে পর্তুগাল বিদায় নিলেও ফুটবলের পাতায় রোনাল্ডোর অবদান অনস্বীকার্য। ২০০৬ সালে তাঁর অভিষেক বিশ্বকাপে পর্তুগাল চতুর্থ স্থান অর্জন করেছিল। পরবর্তী সময়ে ২০১০, ২০১৮ এবং এই আসরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলেও ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে সিআরসেভেনের ঝুলিতে থাকা একাধিক ট্রফি ও রেকর্ড। আপাতত সমস্ত বিতর্ক ও খেলার চাপ সরিয়ে রোনাল্ডো মেতেছেন তাঁর জীবনের নতুন এই সুন্দর উদযাপনে।






