লোহার জাল ছিঁড়ে আড়াই ফুটের সুড়ঙ্গ! ‘প্রেমের’ টানেই বাংলা ছেড়ে ফের অসমে চম্পট বক্সার বাঘিনী?
ঢাক-ঢোল আর ৩টি কুনকি হাতি নামিয়েও রক্ষা নেই! কীভাবে বনদফতরের নজর এড়িয়ে পালাল 'ডুয়ার্সের রনি'?
Truth of Bengal: বক্সার ২৫ মাইল এলাকায় বাঘেদের জন্য তৈরি করা বিশাল লোহার এনক্লোজার ভেঙে, সিঁধ কেটে চম্পট দিল রয়্যাল বেঙ্গল বাঘিনি, যা “ডুয়ার্সের রনি” নামেই পরিচিত। লোহার জালি জুড়ে বাঘিনির নখ ও আঁচড়ের ভয়াবহ প্রমাণ মিলেছে, যা থেকে বোঝা যাচ্ছে এনক্লোজার থেকে বেরিয়ে আসার জন্য সে কতটা মরিয়া হয়ে উঠেছিল। বনকর্তারা জানিয়েছেন, এনক্লোজারের বেশ কয়েক জায়গায় আঁচড়ে ও আঁচড়ে ভেঙে ফেলার চেষ্টা চালালেও সে তাতে ব্যর্থ হয়]। অবশেষে প্রায় আড়াই ফুট গভীর একটি সিঁধ খুঁড়ে এনক্লোজারের নিচ দিয়ে বেরিয়ে যায় বাঘিনি।
অসমের পথে বাঘিনি, সঙ্কোষ নদী পেরনোর চিন্তা
এনক্লোজার ছেড়ে বেরোনোর পর বনদপ্তরের কড়া নজর বাঘিনির প্রতিটি পদক্ষেপের ওপর। জানা গিয়েছে, বাঘিনি এবারও তার পুরনো পথ ধরেই অসমের দিকে পা বাড়িয়েছে। বাঘিনির বর্তমান অবস্থান ডুয়ার্সের পানবাড়ি এলাকায় একটি গভীর জঙ্গলে, যা এনক্লোজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই জঙ্গল পেরোলেই রয়েছে সঙ্কোষ নদী, যা গতবারও বাঘিনি অসমের রায়মোনা জঙ্গলে পৌঁছনোর সময় ব্যবহার করেছিল। সঙ্কোষ নদীর ওপারেই অসমের বন, যেখানে একবার বাঘিনি পৌঁছে গেলে তাকে ফেরানো অসম্ভব হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বন আধিকারিকরা।
বনদফতরের জোর তল্লাশি ও প্রেমের টান
সোমবার দুপুরেই বক্সা টাইগার রিজার্ভের ২৫ মাইল এলাকায় পরিস্থিতি দেখতে যান বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। তিনি লোহার এনক্লোজারের ভাঙাচোরার ভয়াবহ ছবি প্রত্যক্ষ করেন এবং বাঘিনির মরিয়া প্রচেষ্টার কথা স্বীকার করেন। বনমন্ত্রী বলেন, “আমরাও ওকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিতাম, কিন্তু সে কারওর অপেক্ষা না করে নিজের রাস্তা নিজেই করে নিয়েছে।”
বাঘিনির অসমের দিকে বারবার পাড়ি দেওয়ার পেছনের কারণ নিয়ে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে, বিহার থেকে আসা বাঘিনি সম্ভবত প্রেমের টানেই অসমের রায়মোনা-সহ একাধিক জঙ্গলে থাকা পুরুষ বাঘেদের দিকে ছুটে যাচ্ছে। তবে বনদপ্তর বাঘিনিকে কোনোভাবেই ‘বাংলাছাড়া’ হতে দিতে চাইছে না। অবস্থান জানতে পারার পরই বক্সা টাইগার রিজার্ভ থেকে তিনটি কুনকি হাতি, ঢাক-ঢোল নিয়ে বনদফতরের আধিকারিকরা চুনিয়া এলাকায় পৌঁছে জোর তল্লাশি শুরু করেছেন। ঢাক-ঢোল ও ঢাক বাজিয়ে অসমমুখী বাঘিনিকে রোখার এই মরিয়া প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলবে। বনকর্তাদের অনুমান, এবার বাঘিনিকে আটকাতে না পারলে তাকে আর কোনওভাবেই বক্সায় ফেরানো সম্ভব হবে না।





