টাটা সাম্রাজ্যে মহাধস, রাতারাতি পদত্যাগ করলেন টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন
আগামী মেয়াদের আগেই পদত্যাগের ঘোষণা দিলেন টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন।
Truth of Bengal: টাটা শিল্পগোষ্ঠীতে বড় ধরনের রদবদলের ইঙ্গিত। আগামী মেয়াদের আগেই পদত্যাগের ঘোষণা দিলেন টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, পদত্যাগপত্র জমা দিলেও তিনি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত দায়িত্ব পালন চালিয়ে যাবেন, যা তাঁর পূর্বনির্ধারিত কার্যকালের মেয়াদপূর্তির সময়ের সঙ্গেই মিলে যায়। টাটা গোষ্ঠীর তরফ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়া হলেও, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের টানাপোড়েনের মাঝে তাঁর এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
চন্দ্রশেখরনের এই সিদ্ধান্তের পেছনে টাটা সন্স এবং মূল নিয়ন্ত্রক সংস্থা টাটা ট্রাস্টস-এর মধ্যকার দীর্ঘদিনের নীতিগত বিরোধ প্রধান কারণ হিসেবে উঠে আসছে। ৪০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের টাটা গোষ্ঠীর প্রায় ৬৬ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে টাটা ট্রাস্টস-এর হাতে, যা টিসিএস, এয়ার ইন্ডিয়া ও টাটা মোটরসের মতো প্রায় ৩০টি বড় সংস্থার মূল চালিকাশক্তি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকেই চন্দ্রশেখরনের মেয়াদবৃদ্ধির প্রস্তাবে আপত্তি জানিয়ে আসছিলেন টাটা ট্রাস্টস-এর বর্তমান চেয়ারম্যান নোয়েল টাটা।
বিশেষ করে, টাটা সন্স-কে শেয়ার বাজারে তালিকাভুক্ত (লিস্টিং) করার বিষয়ে দুটি পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছিল। নোয়েল টাটা চেয়েছিলেন যেন টাটা সন্স আইপিও-তে না গিয়ে একটি অ-তালিকাভুক্ত সংস্থা হিসেবেই কাজ চালিয়ে যায়। তবে নোয়েলের এই দাবি মেনে প্রকাশ্যে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে রাজি হননি চন্দ্রশেখরন। এই নীতিগত অমিল এবং কৌশলগত মতভেদের জেরেই শেষ পর্যন্ত এন চন্দ্রশেখরন টাটা সন্স-এর প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

