দেশ

মাত্র দেড় ঘণ্টাতেই সেবক থেকে রংপো! কবে ভারতের রেল মানচিত্রে যুক্ত হচ্ছে সিকিম?

পাহাড় ভেদ করে ছুটবে ট্রেন! ২০২৭-এই পূর্ণ হতে চলেছে সিকিমের স্বপ্ন, ভারতের প্রথম ভূগর্ভস্থ স্টেশন দেখবে বিশ্ব

Truth of Bengal: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় রেলের মানচিত্রে যুক্ত হতে চলেছে পাহাড়ের কোলে ঘেঁষে থাকা সৌন্দর্যের রানি সিকিম। সব ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই সেবক-রংপো রেলপথ দিয়ে আনুষ্ঠানিকভাবে ছুটে চলবে বাণিজ্যিক ট্রেন। ইতিমধ্য়েই এই স্বপ্নের রুটে কালীঝোরা থেকে র‍ম্ভি পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে ট্রায়াল ট্রেন ও ট্র্যাক ইন্সপেকশন ভেহিকেলের পরীক্ষা। স্বাধীনতার পর এই প্রথমবার সিকিমের মাটিতে পড়তে চলেছে ট্রেন লাইনের চাকা।

প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যায়ে তৈরি হওয়া ৪৪.৯৬ কিলোমিটার দীর্ঘ এই রেললাইনটি উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক অধ্যায় সৃষ্টি করতে চলেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, এই রেলপথের ৪১.৫৫ কিলোমিটার অংশ পড়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং ৩.৪১ কিলোমিটার অংশ সিকিমের অধীনস্থ। গোটা যাত্রাপথের প্রায় ৮৬ শতাংশ পথই তৈরি হয়েছে পাহাড় কেটে সুড়ঙ্গের ভেতর দিয়ে। রুটে রয়েছে মোট ১৪টি সুড়ঙ্গ এবং ২৩টি সুবিশাল সেতু। যার মধ্যে সবচেয়ে বড় সুড়ঙ্গটির দৈর্ঘ্য প্রায় ৫,৩০০ মিটার এবং সবচেয়ে ছোটটির দৈর্ঘ্য ৫৪২ মিটার।

এই রুটে সেবক, রিয়াং, তিস্তা বাজার, মেলি এবং রংপো, এই পাঁচটি স্টেশন থাকবে। এর মধ্যে সবচেয়ে বড় চমক হল ‘তিস্তা বাজার’ স্টেশনটি, যা হতে চলেছে ভারতের সর্বপ্রথম সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ রেল স্টেশন! পাহাড়ি খরস্রোতা তিস্তা নদীকে একপাশে রেখে রোমাঞ্চকর সব সুড়ঙ্গের মধ্যে দিয়ে ট্রেন যাত্রা পর্যটকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা নিয়ে আসবে।

বর্তমানে শিলিগুড়ি থেকে সড়কপথে সিকিম যেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায়। বৃষ্টি বা বর্ষার সময়ে পাহাড়ি ধসের কারণে দিনের পর দিন যানজটে আটকে থাকতে হয় সাধারণ মানুষ ও পর্যটকদের। কিন্তু এই রেলপথ চালু হয়ে গেলে শিলিগুড়ি বা সেবক থেকে মাত্র ১ থেকে দেড় ঘণ্টার মধ্যেই নিশ্চিন্তে পৌঁছে যাওয়া যাবে সিকিমে। পরবর্তী ধাপে রংপো থেকে গ্যাংটক পর্যন্ত আরও ৩৪ কিলোমিটার পথ ট্রেন লাইন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

পর্যটন ও অর্থনীতির প্রসারের পাশাপাশি কৌশলগত ও প্রতিরক্ষা দিক থেকেও এই রেলপথ অতীব গুরুত্বপূর্ণ। চিন সীমান্ত সংলগ্ন এই স্পর্শকাতর এলাকায় সেনা মোতায়েন এবং যুদ্ধের ভারী সরঞ্জাম খুব দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই রুট ভারতীয় সেনার বিরাট অস্ত্র হয়ে উঠবে।

Related Articles