সীমান্ত মানছে না দূষণ! পাকিস্তান থেকে ভারত পর্যন্ত বিষাক্ত ধোঁয়াশার ছবি নাসার উপগ্রহে
সেই ভয়াবহ দূষণের ছবি ধরা পড়ল নাসার উপগ্রহে
Truth of Bengal: শীতের শুরুতেই ফের বিষাক্ত হয়ে উঠছে উত্তর ভারতের বাতাস। দিল্লি থেকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ—দূষণের চাদরে ঢেকে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। দিওয়ালিতে লাগামছাড়া বাজি পোড়ানোর পর পরিস্থিতি আরও উদ্বেগজনক। এবার সেই ভয়াবহ দূষণের ছবি ধরা পড়ল নাসার উপগ্রহে। মহাকাশ থেকে তোলা ছবিতে স্পষ্ট, পাকিস্তান থেকে উত্তর ভারত হয়ে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে ধোঁয়া ও ধোঁয়াশার বিশাল আস্তরণ। কার্যত সীমান্তের এপার-ওপার জুড়ে দূষণের একই ছবি। যা দেখে উদ্বেগ বাড়ছে পরিবেশ বিশেষজ্ঞদের। নাসার ‘ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম’ বা FIRMS-এর মাধ্যমে প্রকাশিত উপগ্রহচিত্রে ইন্দো-গাঙ্গেয় সমভূমির উপর ঘন ধূসর আস্তরণ দেখা গিয়েছে। MODIS বা মডারেট রেজোলিউশন ইমেজিং স্পেকট্রোরেডিওমিটার যন্ত্রের সাহায্যে তোলা এই ছবিতে পাকিস্তান থেকে শুরু করে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে দূষণের উপস্থিতি স্পষ্ট। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ঘন ধোঁয়াশার মাঝেও ছবিতে দৃশ্যমান রয়েছে উত্তরের বরফে ঢাকা হিমালয় পর্বতমালা। একদিকে তুষারাবৃত পাহাড়, অন্যদিকে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে থাকা সমভূমি—দুইয়ের বৈপরীত্যই চোখে পড়ার মতো।
উপগ্রহচিত্রে বেশ কিছু লাল চিহ্নও নজরে এসেছে। সেগুলি উত্তর-পশ্চিম ভারতের কৃষি এলাকাগুলিতে ফসলের গোড়া পোড়ানোর ঘটনা বা আগুনের উপস্থিতি শনাক্ত করছে। শীতকালে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে দূষণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বারবার উঠে এসেছে এই নাড়া পোড়ানোর বিষয়টি। শুধু ভারত নয়, প্রতিবেশী পাকিস্তানের কৃষি এলাকাতেও একই প্রবণতা দেখা যায়। ফলে দুই দেশের বিস্তীর্ণ অঞ্চলেই দূষণের মাত্রা বাড়ছে। এই সমস্যা নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। তবে বায়ুদূষণের জন্য শুধু ফসলের গোড়া পোড়ানোকে দায়ী করলে ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। যানবাহনের ধোঁয়া, কলকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলো এবং বিভিন্ন শিল্পক্ষেত্রের দূষণও পরিস্থিতিকে জটিল করে তুলছে। তার উপর দিওয়ালিতে আতশবাজি পোড়ানোর ফলে বাতাসে মিশেছে অতিরিক্ত ধোঁয়া ও ক্ষতিকর কণা। শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় এবং বাতাসের গতিবেগ কম থাকায় এই দূষিত পদার্থ সহজে ছড়িয়ে পড়তে পারে না। ফলে দীর্ঘ সময় ধরে এক জায়গায় জমে থাকে বিষাক্ত ধোঁয়াশা।
প্রতি বছরই শীত এলেই দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় বায়ুর গুণমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে জোড়-বিজোড় গাড়ি চলাচল, রাস্তায় জল ছেটানো, স্মগ গান ব্যবহার-সহ একাধিক পদক্ষেপ করা হয়। কিন্তু তাতেও স্থায়ী সমাধান মিলছে না। দূষণের প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্যে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্তদের ঝুঁকি বাড়ছে। অনেক ক্ষেত্রে সুস্থ মানুষেরও শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালার মতো সমস্যা দেখা দিচ্ছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এই দূষণ কোনও একটি শহর বা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বায়ুপ্রবাহের সঙ্গে দূষিত কণা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে। তাই সমস্যার মোকাবিলায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ। কৃষিক্ষেত্রে নাড়া পোড়ানো বন্ধ করা থেকে শুরু করে যানবাহন ও শিল্পদূষণ নিয়ন্ত্রণ—সব ক্ষেত্রেই কার্যকর পদক্ষেপ জরুরি। কারণ, দূষণের এই সীমান্তহীন দাপটে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।


