রাজ্যের খবর

রামপুরহাটে রাতারাতি গায়েব নেতাজির নাম! ‘নেতাজি সুভাষ রোড’ বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’!

পুরসভার অনুমোদন ছাড়াই নাম পরিবর্তন? বিজেপি বিধায়কের কাণ্ডে রামপুরহাটে চরম শোরগোল!

Truth of Bengal: বীরভূমের রামপুরহাটে রাস্তার নাম পরিবর্তনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম রাতারাতি পরিবর্তন করে রেখে দেওয়া হল ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’। নতুন নামফলক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া সুর চড়িয়েছে বিরোধী বাম ও কংগ্রেস দলগুলি। অন্যদিকে, রামপুরহাটের তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের দাবি, এই নাম পরিবর্তনের বিষয়ে পুরবোর্ড বা প্রশাসনের তরফ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি।

রামপুরহাট পুর এলাকার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত বিস্তৃত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিন ধরেই নেতাজির নামে পরিচিত। সম্প্রতি ওই রাস্তার ধারে একটি গেরুয়া রঙের নতুন ফলক বসানো হয়, যেখানে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর নাম শোভা পাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি বিধায়কের পাশে দেখা গিয়েছিল পুরসভার তৃণমূল চেয়ারম্যান সৌমেন ভকতকেও। তবে জলঘোলা শুরু হতেই চেয়ারম্যান স্পষ্ট জানান, নিয়ম মেনে পুরবোর্ডে প্রস্তাব পাস কিংবা রাজ্য প্রশাসনের অনুমোদন ছাড়া এভাবে একক উদ্যোগে কোনও রাস্তার নাম পরিবর্তন করা যায় না। যদিও বিজেপি বিধায়কের পাল্টা দাবি, পুরনথিতে এই নাম সংক্রান্ত কোনো তথ্য ছিল না এবং পুর চেয়ারম্যানের উপস্থিতিতেই নতুন নামকরণ সম্পন্ন হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সিপিএম ও কংগ্রেস। সিপিএমের পক্ষ থেকে মহকুমাশাসক ও পুরসভার কাছে স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে পুরনো নাম ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। শহরজুড়ে দেওয়া হয়েছে নেতাজির ছবি সংবলিত পোস্টার। প্রদেশ কংগ্রেস নেতা মিলটন রসিদের অভিযোগ, নেতাজির মতো জাতীয় নায়কের নাম মুছে ফেলা পুরোপুরি বেআইনি কাজ। তবে বিরোধীদের আক্রমণের জবাবে বিধায়ক ধ্রুব সাহা জানান, নেতাজির প্রতি তাঁদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং যে সিপিএম চিরকাল নেতাজিকে অপমান করেছে, তাদের থেকে জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই।

পরিস্থিতি আরও জটিল হয়েছে রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যে। জলপাইগুড়ির এক জনসভায় ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক উসকে দিয়েছেন তিনি। এই জোড়া ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন, বীর স্বাধীনতা সংগ্রামীর অমর্যাদা রাজ্যবাসী কোনওভাবেই মেনে নেবে না। আপাতত নাম বদলের আইনি বৈধতা ও নেতাজি বিতর্ক নিয়ে রামপুরহাট-সহ গোটা রাজ্যের রাজনীতি উত্তপ্ত।

Related Articles