খেলা

রোনাল্ডো-জর্জিনার বিয়ের গোপন শর্ত, বিচ্ছেদ হলেও সম্পত্তিতে কী থাকবে দু’জনের অধিকার

মেক্সিকোর প্রকাশনা এন পারেহার দাবি, সরকারি নথি অনুযায়ী রোনাল্ডো ও জর্জিনার বিয়ে হয়েছে সম্পত্তি পৃথক রাখার ব্যবস্থার অধীনে।

Truth of Bengal: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রদ্রিগেসের বিয়ে নিয়ে যতটা চর্চা, তার চেয়ে কম নয় বিয়ের নেপথ্যে থাকা আর্থিক ব্যবস্থাপনা নিয়েও। ১১ আগস্ট অত্যন্ত গোপনীয়তার মধ্যে বিয়ে করেন রোনাল্ডো ও জর্জিনা। অনুষ্ঠানে ছিলেন শুধু পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। কিন্তু পরে সামনে এসেছে এমন এক আর্থিক শর্ত, যা ভবিষ্যতে তাঁদের সম্পত্তি নিয়ে সম্পর্কের সমীকরণকে অন্যরকম করে দিতে পারে।

মেক্সিকোর প্রকাশনা এন পারেহার দাবি, সরকারি নথি অনুযায়ী রোনাল্ডো ও জর্জিনার বিয়ে হয়েছে সম্পত্তি পৃথক রাখার ব্যবস্থার অধীনে। পর্তুগালের আইনে এই ব্যবস্থার অর্থ, বিয়ের আগে বা বিয়ের পরে যে সম্পত্তি, আয় কিংবা বিনিয়োগ যে পক্ষের, তার নিয়ন্ত্রণও থাকবে সেই পক্ষের কাছেই। অর্থাৎ বিয়ের পরেও রোনাল্ডোর বিপুল সম্পদের সঙ্গে জর্জিনার সম্পদের স্বয়ংক্রিয়ভাবে কোনও যোগ তৈরি হবে না। রোনাল্ডোর বেতন, বিজ্ঞাপন থেকে আয়, ব্যবসায়িক বিনিয়োগ— সবই থাকবে তাঁর নিজের নিয়ন্ত্রণে। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের বেতন থেকে শুরু করে পেস্তানা সিআর৭ হোটেল ব্যবসা, কোনও ক্ষেত্রেই এই বিয়ে জর্জিনাকে স্বয়ংক্রিয় মালিকানা দেবে না। ভবিষ্যতে তাঁদের বিচ্ছেদ হলেও সম্পত্তি আপনা থেকেই অর্ধেক হয়ে যাওয়ার নিয়ম এই ব্যবস্থায় নেই।

তবে এখানেই শেষ নয়। পর্তুগালের পত্রিকা টিভি গিয়ার একটি প্রতিবেদনে দাবি করেছে, বিচ্ছেদ হলে কার্যকর হতে পারে আরও কয়েকটি বিশেষ শর্ত। তার মধ্যে রয়েছে জর্জিনার জন্য রোনাল্ডোর কাছ থেকে প্রতি মাসে প্রায় ১ লক্ষ ইউরো, অর্থাৎ প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা ভাতা। পাশাপাশি মাদ্রিদের লা ফিনকার বিলাসবহুল প্রাসাদের পূর্ণ মালিকানাও জর্জিনার কাছে থাকবে বলে দাবি করা হয়েছে। বাড়িটির মূল্য ৫৬ লক্ষ মার্কিন ডলারের বেশি, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩ কোটি ৫০ লক্ষ টাকা।

বিয়েতে তাঁদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল। সাক্ষী হিসাবে ছিলেন রোনাল্ডোর স্পোর্টিং সিপি-র সময়কার ঘনিষ্ঠ বন্ধু মিগেল পাইশাও এবং জর্জিনার বোন ইভানা রড্রিগেস। পর্তুগাল জাতীয় দল বা আল নাসরের কোনও সতীর্থকে অনুষ্ঠানে দেখা যায়নি। এমনকি দু’জনেই নিজেদের পদবিও বদলাননি।

ফুনশাল ক্যাথেড্রালে বড় অনুষ্ঠান হবে বলে গুঞ্জন ছড়ালেও এখনও সংবর্ধনা বা তার স্থান নিয়ে কোনও সরকারি ঘোষণা নেই। বিয়ের মতোই সেই পর্বটিও গোপন রেখেছেন রোনাল্ডো ও জর্জিনা।

Related Articles