কলকাতা

শব্দবাজিতে অসুখ সারে! বিতর্কের মুখে সুর বদল পাপিয়ার, মন্তব্য প্রত্যাহার করে চাইলেন ক্ষমা

বাজির আওয়াজে তাঁর বাড়ির পোষ্যদেরও কোনও অসুবিধা হয়নি বলে দাবি করেন বিধায়ক

Truth of Bengal: শব্দবাজি নিয়ে বিতর্কিত মন্তব্য করে আগেই সমালোচনার মুখে পড়েছিলেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তাঁর দাবি ঘিরে প্রশ্ন উঠেছিল, সত্যিই কি শব্দবাজির আওয়াজে অসুখ সেরে যায়? বিতর্ক ক্রমশ বাড়তে থাকায় এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি। জানালেন, এবারের কালীপুজোয় টালিগঞ্জে শব্দবাজির দাপট অনেকটাই কম ছিল। এমনকী, বাজির আওয়াজে তাঁর বাড়ির পোষ্যদেরও কোনও অসুবিধা হয়নি বলে দাবি করেন বিধায়ক। তবে শেষ পর্যন্ত নিজের আগের মন্তব্য প্রত্যাহার করে ক্ষমাও চেয়ে নিলেন তিনি। সোমবার শব্দবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপিয়া দাবি করেন, এবারের কালীপুজোয় টালিগঞ্জে শব্দবাজি তুলনামূলকভাবে কম ফেটেছে। গানবাজনার আওয়াজও আগের চেয়ে কম ছিল। তাঁর কথায়, “গান কম বেজেছে। বাংলা গান সবাই শুনছে।” বাজির শব্দে পোষ্যদের ভয় পাওয়ার প্রসঙ্গে তিনি জানান, তাঁর বাড়ির পোষ্যরা অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে ঘুরে বেড়িয়েছে। ভয়ে কোথাও লুকিয়ে পড়েনি।

কালীপুজোয় বাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা নিয়েও আপত্তি জানান বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য, একটা সময় বাজি ফাটানো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কালীপুজো আলোর উৎসব। এই উৎসবে বাজি ফাটানো আটকানোর চেষ্টা তিনি মেনে নিতে পারেন না। পাপিয়ার কথায়, “কেউ কেউ চেষ্টা করেছিল বন্ধ করার। সেই সব এখন চলবে না।” এরপরই নিজের আগের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ ওঠে। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে পাপিয়া বলেন, “আমি কোনও কথা বললে, টিআরপি বেড়ে যায়। আমি কাশলে, হাঁচলেও সেকু-মাকুরা ধরে নেবে।” তাঁর ব্যাখ্যা, দীপাবলি ও কালীপুজো মূলত আলোর উৎসব। প্রদীপ জ্বালানোর মাধ্যমে সমাজের অন্ধকার ও নেতিবাচকতা দূর করার প্রতীকী বার্তা দেওয়া হয়। ছোটবেলা থেকে বড়দের মুখে এমন কথাই শুনে এসেছেন বলে জানান তিনি।

তবে বিজ্ঞানের অগ্রগতির কথা উল্লেখ করে শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে আসেন পাপিয়া। তিনি স্বীকার করেন, বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি অনেক এগিয়েছে। তাই শব্দবাজি নিয়ে তাঁর আগের বক্তব্য আর যথাযথ নয়। বিধায়কের কথায়, “এখন বাজির যুগ। বিজ্ঞান এত এগিয়ে গিয়েছে যে, এই কথাগুলো আর ঠিক নয়। আমার কথায় আঘাত লাগলে ক্ষমা চাইছি। আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি।” অর্থাৎ, শব্দবাজিতে অসুখ সেরে যায় বলে আগে যে দাবি করেছিলেন, তা থেকে কার্যত সরে এলেন তিনি। তবে ক্ষমা চাইলেও রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে ছাড়েননি পাপিয়া। তাঁর হুঁশিয়ারি, “অ্যান্টি বিজেপি কথা বললেই এবার আমরা ধরব।” উল্লেখ্য, এবারের কালীপুজোর রাতেও কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে, বাজির ধোঁয়ায় শহরের বায়ুদূষণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরাও। এমন পরিস্থিতিতে শব্দবাজি নিয়ে পাপিয়ার বিতর্কিত মন্তব্য এবং পরে ক্ষমা চাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Related Articles