‘পর্তুগাল চিরকাল’, অবসর জল্পনার মাঝেই দেশের প্রতি ভালবাসার বার্তা রোনাল্ডোর
স্পেনের বিপক্ষে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল।
Truth of Bengal: বিশ্বকাপের শেষ ১৬-এ স্পেনের কাছে হৃদয়ভাঙা হারের পর আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। ম্যাচের আগেই জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। তবে হারের পর সামাজিক মাধ্যমে মাত্র ২ শব্দের বার্তায় তিনি স্পষ্ট করে দিলেন, দেশের প্রতি তাঁর ভালবাসা অটুট। দলের একসঙ্গে দাঁড়িয়ে থাকা একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘পর্তুগাল চিরকাল’।
স্পেনের বিপক্ষে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচে রোনাল্ডো ও ব্রুনো ফার্নান্দেজ একাধিক সুযোগ নষ্ট করেন। শেষ বাঁশি বাজতেই চোখের জলে মাঠ ছাড়েন কিংবদন্তি এই ফরোয়ার্ড। যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত দেননি। তাঁর বক্তব্য, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।
রোনাল্ডোর বিশ্বকাপ যাত্রা শুরু হয় ২০০৬ সালে, সেবার পর্তুগাল চতুর্থ হয়। এরপর ২০১০ সালে শেষ ১৬, ২০১৪ সালে গ্রুপ পর্ব এবং ২০১৮ সালে আবারও শেষ ১৬ থেকেই বিদায়। ২০২২ সালে দল কোয়ার্টার ফাইনালে উঠলেও খেতাব জেতে আর্জেন্টিনা। লিওনেল মেসির সেই সাফল্যের পর দুই মহাতারকার তুলনা নিয়ে বিতর্কও নতুন মোড় নেয়।
বিশ্বকাপে রোনাল্ডোর কেরিয়ার শেষ হল ২৭ ম্যাচ ও ১১ গোল নিয়ে। চলতি আসরে ৫ ম্যাচে ৩ গোল করেন তিনি। তবে শেষ ম্যাচে ১৭টি শট নিয়েও সতীর্থদের জন্য একটি সুযোগও তৈরি করতে পারেননি, যা বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড। তবু এই বিশ্বকাপেই একাধিক নজির গড়েছেন রোনাল্ডো। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ৩২-র ম্যাচে ৪১ বছর পেরিয়ে নকআউট ম্যাচ খেলা প্রথম ফুটবলার হন তিনি। সেই ম্যাচেই প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদরিচের মুখোমুখি হয়ে গড়েন আরও একটি অনন্য নজির। একই ম্যাচে ৪১ বছর ১৪৭ দিন বয়সে গোল করে নকআউট পর্বের সবচেয়ে প্রবীণ গোলদাতা হন এবং বিশ্বকাপের নকআউটে নিজের প্রথম গোলও পান।
গ্রুপ পর্বে ডিআর কঙ্গোর বিরুদ্ধে ১-১ ড্রয়ে সমালোচিত হলেও উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ জয়ে ২ গোল করেন রোনাল্ডো। নুনো মেন্দেস ও রাফায়েল লেয়াওও গোল করেন, আর একটি আত্মঘাতী গোল করেন উজবেকিস্তানের গোলরক্ষক আব্দুভোহিদ নেমাতভ। ফাবিও কান্নাভারোর দলের বিপক্ষে সেই জয়ে রবার্তো মার্তিনেজের দল ঘুরে দাঁড়ায়। সেই জোড়া গোলে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হন রোনাল্ডো। ১০ গোল নিয়ে ছাড়িয়ে যান কিংবদন্তি ইউসেবিওর ৯ গোলের রেকর্ড। ১৯৬৫ সালের ব্যালন ডি’অরজয়ী ইউসেবিও ১৯৬৬ বিশ্বকাপে দলকে তৃতীয় স্থান এনে দিয়েছিলেন। তালিকায় ৪ গোল নিয়ে ৩ নম্বরে রয়েছেন পাওলেতা। পাশাপাশি রোনাল্ডোই প্রথম ফুটবলার হিসাবে ৬টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন। যদিও গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে পর্তুগাল।





