আজকের দিনে

বাংলাদেশে ফিরতে হলে ভারতকে লিখিত আবেদন হাসিনার! নতুন পরামর্শ ঢাকার

ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান বলে আগেই জানিয়েছেন শেখ হাসিনা।

Truth of Bengal: বাংলাদেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে শেখ হাসিনাকে। এমনই ‘পরামর্শ’ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাঁর দাবি, মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ায় বাংলাদেশের আইন অনুযায়ী হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়া সম্ভব নয়। তাই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন করা উচিত।

ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান বলে আগেই জানিয়েছেন শেখ হাসিনা। সেই উদ্দেশ্যে পাসপোর্টের আবেদনও করেছিলেন তিনি। তবে বাংলাদেশের তরফে সেই আবেদন খারিজ করা হয়েছে। মঙ্গলবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, সত্যিই দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন জানানোই হবে হাসিনার জন্য সঠিক পথ। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরানোর আবেদন করতে হবে।

পাসপোর্ট না পাওয়ার কারণ ব্যাখ্যা করে আমিনুল ইসলামের দাবি, বাংলাদেশের আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত কোনও ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে পাসপোর্টের আবেদন করলে তাঁকে পাসপোর্ট দেওয়া যায় না। বিশেষত দু’বছর বা তার বেশি মেয়াদের সাজাপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই বিধিনিষেধ রয়েছে। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। তাই তাঁকে পাসপোর্ট দেওয়ার আইনি এক্তিয়ার কর্তৃপক্ষের নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরপর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। সেই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশে ফিরলে গ্রেফতারি এবং মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা রয়েছে তাঁর। যদিও হাসিনা স্পষ্ট জানিয়েছেন, গ্রেফতারি কিংবা মৃত্যুর ভয় তাঁকে দেশে ফেরা থেকে আটকাতে পারবে না। এবার তাঁর প্রত্যাবর্তন নিয়ে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ তুলে নতুন করে চাপানউতর শুরু হল।

Related Articles