দেশ

পুলিশি ধরপাকড়ে উদ্বেগ, কেন্দ্রকে প্রতিশ্রুতি মনে করাল ককরোচ জনতা পার্টি

মঙ্গলবারের মধ্যে এই বিষয়ে কেন্দ্রের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চেয়েছেন সংগঠনের নেতারা

Truth of Bengal: পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যে নিট আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড়ের অভিযোগে উদ্বেগ প্রকাশ করল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আন্দোলন প্রত্যাহারের আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সোমবার দীর্ঘ বিবৃতি প্রকাশ করে তা সরকারকে মনে করিয়ে দিয়েছে সংগঠনটি। সিজেপির দাবি, অসম, পশ্চিমবঙ্গ এবং বিহার-সহ বিভিন্ন রাজ্যে নিট বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আন্দোলনকারীদের আটক ও গ্রেফতার করা হচ্ছে। ধৃতদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা। মঙ্গলবারের মধ্যে এই বিষয়ে কেন্দ্রের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চেয়েছেন সংগঠনের নেতারা।

সোমবার সমাজমাধ্যমে বিবৃতি প্রকাশ করেন সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস। তাঁর বক্তব্য, বিজেপি বা এনডিএ শাসিত কোনও রাজ্যে নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে বর্তমানে বা ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসের ভিত্তিতেই দেশজুড়ে আন্দোলন প্রত্যাহার করা হয়। কিন্তু তারপরেও ধরপাকড়ের খবর সামনে আসায় উদ্বেগ বেড়েছে। গ্রেফতার ও আটক আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছে সিজেপি। সংগঠনের আইনি সহায়ক দল ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলির আইনজীবীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। যাঁদের আটক বা গ্রেফতার করা হয়েছে, তাঁদের মুক্তির জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সৌরভ। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের উদ্দেশে সিজেপির আবেদন, সরকার যেন অবিলম্বে নিজের প্রতিশ্রুতি কার্যকর করে। আন্দোলনকারীদের মুক্তি, এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনও ধরনের প্রতিহিংসামূলক পদক্ষেপ না করার জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার দাবিও জানানো হয়েছে।

সিজেপির অভিযোগ, মঙ্গলবারের মধ্যে এই বিষয়ে লিখিত নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। সেই সময়সীমার কথাও বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে। সংগঠনটির বক্তব্য, সরকারের কথায় আস্থা রেখেই দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। এখন প্রতিশ্রুতি থেকে সরে আসা হলে তা সিজেপি, সাধারণ মানুষ এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। বিবৃতিতে আন্দোলনকারীদের আপাতত ধৈর্য ধরে পরিস্থিতির দিকে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ভারত সরকার এবং বিজেপি ও এনডিএ পরিচালিত রাজ্য সরকারগুলিকে জরুরি ভিত্তিতে দায়িত্বশীল পদক্ষেপ করার আহ্বান জানিয়েছে সিজেপি। দাবি না মানা হলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সৌরভ। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নিট প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল সিজেপি। গত ২০ জুলাই সংগঠনটির ডাকে দিল্লিতে সংসদ অভিযান কর্মসূচিতে ১০ হাজারের বেশি মানুষ জমায়েত হন। সেই কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠে।

পরবর্তী সময়ে বিহার, অসম এবং পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে। গত শুক্রবার কলকাতায় সিজেপি এবং বাম ছাত্রসংগঠনগুলির ডাকে আয়োজিত মিছিল ঘিরে অশান্তির অভিযোগ ওঠে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংশ্লিষ্ট মামলায় গুন্ডাদমন আইন প্রয়োগ করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। সেই আবহেই কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে প্রতিশ্রুতি রক্ষার বার্তা দিল সিজেপি।

Related Articles